কৃষিঋণের চার ভাগের এক ভাগও পাননি তিনি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, নীলফামারী শাখায় টাকার বিনিময়ে এক ভূমিহীনকে ঋণ দেওয়া হয়েছে। ভূমিহীন ওই দিনমজুর ঋণের টাকার চার ভাগের এক ভাগও পাননি। ব্যাংকের তত্ত্বাবধায়ক (সুপারভাইজার) দেবাশীষ কুমার ঘোষ টাকার বিনিময়ে সদর উপজেলার রামনগর ইউনিয়নের ফুলতলা গ্রামের ভূমিহীন দিনমজুর ছাইদুল ইসলামকে ওই ঋণ দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ইটাখোলা ইউনিয়নের বাসিন্দা দেখিয়ে ছাইদুলের কাছ থেকে পাঁচ হাজার টাকা নেন দেবাশীষ কুমার। বিনিময়ে ২২ হাজার টাকা ঋণ উত্তোলন করে তাঁকে ১০ হাজার টাকা দেন এবং বাকি টাকা পকেটে পোরেন। ছাইদুল ইসলামের ভাষ্যমতে, ‘এলাকার এক দালাল আমাকে ও আমার স্ত্রীকে ব্যাংকে নিয়ে আমাদের সই নিয়ে ১০ হাজার টাকা দিয়েছে। তারা বলেছিল, পাঁচ হাজার টাকা নিয়ে আমাকে ২৫ হাজার টাকা দেবে। কিন্তু তারা পাঁচ হাজার নিয়ে আমাকে ১০ হাজার টাকা দিয়ে বলে, আমার নাকি ১৫ হাজার টাকার লোন হয়েছে।’ব্যাংকের তত্ত্বাবধায়ক দেবাশীষ কুমার ঘোষ দাবি করেন, গত ২৬ অক্টোবর ছাইদুলকে ২২ হাজার টাকার শস্যঋণ দেওয়া হয়েছে। তাঁর কাছ থেকে শুধু খরচের পয়সা বাবদ ৩০০-৪০০ টাকা নেওয়া হয়েছে। ছাইদুলকে ১০ হাজার টাকা দেওয়ার কথা অস্বীকার করে দেবাশীষ বলেন, ‘ক্যাশ থেকে তাঁকে ২২ হাজার টাকাই দেওয়া হয়েছে।’রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, নীলফামারী শাখার ব্যবস্থাপক মো. আবদুল জলিল অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘আমি সুপারভাইজারকে বলেছি, দু-একদিনের মধ্যে ওই টাকা আদায় করতে; না হলে আমি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’