কৃষিকাজ তদারকির সময় বজ্রপাতে নিহত ১

বজ্রপাত। ফাইল ছবি
বজ্রপাত। ফাইল ছবি

পঞ্চগড় সদর উপজেলায় কামরুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি বজ্রপাতে নিহত হয়েছেন। এ সময় মো. মুসা (২৬) ও মো. ইসা (২২) নামের দুজন কৃষিশ্রমিক আহত হয়েছেন। আজ সোমবার সকালে সদর উপজেলার মাগুরা ইউনিয়নের বাঁশবাড়ি-প্রধানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কামরুল ইসলামের বাড়ি জেলার আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের গোয়ালপাড়া-জুগিকাটা এলাকায়। অপর দুই কৃষিশ্রমিক একই এলাকার বাসিন্দা।

নিহতের পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে মাগুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাবুল বলেন, প্রায় এক বছর আগে কামরুল ইসলামের ভগ্নিপতি মাগুরা ইউনিয়নের বাঁশবাড়ি-প্রধানপাড়া এলাকার হুমায়ুন কবীর মারা যান। তখন থেকেই বোনের পরিবারের কৃষিকাজ তদারকি করতেন কামরুল। এরই ধারাবাহিকতায় আজ সকালে আট-নয়জন কৃষিশ্রমিক নিয়ে বাঁশবাড়ি-প্রধানপাড়া এলাকায় ভগ্নিপতির জমিতে আমন রোপা লাগাতে যান কামরুল।

সকাল নয়টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। শ্রমিকদের কাজ দেখতে জমির আইলের মধ্যে দাঁড়িয়ে ছিলেন কামরুল। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় কিছুটা দূরে থাকা শ্রমিকদের মধ্যে মো. মুসা ও মো. ইসা নামে দুজন আহত হন। আহত ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন।