কৃষিকাজকে যান্ত্রিক পর্যায়ে নিতে হবে: কৃষিসচিব
কৃষিসচিব মনজুর হোসেন বলেছেন, দেশের কৃষিতে দিনে দিনে দিনমজুর তথা কৃষিশ্রমিক কমে যাচ্ছে। তাই আমাদের চাষাবাদসহ কৃষিকাজকে যান্ত্রিক পর্যায়ে নিয়ে যেতে হবে। এতে কম শ্রমিকে অধিক ফসল উৎপাদন করা সম্ভব হবে। গতকাল রোববার গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) কাজী বদরুদ্দোজা মিলনায়তনে দুই দিনব্যাপী বারি প্রযুক্তি হস্তান্তর কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিসচিব ওই সব কথা বলেন। বারির মহাপরিচালক রফিকুল ইসলাম মণ্ডলের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল লতিফ, গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম, বারির পরিচালক মুখলেছুর রহমান প্রমুখ। কৃষিসচিব আরও বলেন, ‘১৯৭১ সালে এ দেশে ফসলের দুই মৌসুমেই মঙ্গা চলত। অনেকের খাবার জুটত না। কিন্তু বর্তমানে দেশ কৃষি গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে এতই এগিয়েছে যে মঙ্গা এখন শুধু ইতিহাসের পাতায় রয়েছে। তবে সামনে আমাদের তিন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, তা হলো: জনসংখ্যা বৃদ্ধির চ্যালেঞ্জ, জমি কমে যাওয়ার চ্যালেঞ্জ ও বিশ্ব তাপমাত্রা বৃদ্ধির কারণে সৃষ্ট জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ। এসব মোকাবিলা করতে আমাদের নতুন নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবন করে কৃষক পর্যায়ে পৌঁছে দিতে হবে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল লতিফ বলেন, দেশে মানুষ বেড়েছে দ্বিগুণ হারে, আর খাদ্য উৎপাদন হচ্ছে সাড়ে তিন গুণ হারে। দেশে ১০ ভাগ পাহাড়ি ভূমি রয়েছে। শুধু এই ভূমিতে ফলের চাষ করে দেশে এর চাহিদা মেটানো সম্ভব। এতে দেশে ফল আমদানি করতে হবে না। শুধু তাই নয়, সেখানে আদা-হলুদের চাষ করেও এর চাহিদা মেটানো সম্ভব। অনুষ্ঠানে বারির মহাপরিচালক রফিকুল ইসলাম মণ্ডল বলেন, বারি এ যাবৎ তিন শতাধিক ফসলের জাত ও সাত শতাধিক প্রযুক্তি উদ্ভাবন করেছে।