কৃষিকে এগিয়ে নিতে তথ্যপ্রযুক্তিকে কাজে লাগাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো আয়োজিত ‘কৃষি সম্প্রসারণে আইসিটির ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অতিথিরা। ছবিটি আজ সকালে কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয় থেকে তোলা। ছবি: হাসান রাজা
প্রথম আলো আয়োজিত ‘কৃষি সম্প্রসারণে আইসিটির ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অতিথিরা। ছবিটি আজ সকালে কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয় থেকে তোলা। ছবি: হাসান রাজা

কৃষিকে এগিয়ে নেওয়ার মতো যথেষ্ট পরিমাণে বস্তুনিষ্ঠ জ্ঞান ও প্রযুক্তি সরকারি সংস্থাগুলোর কাছে আছে। তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে ওই জ্ঞানকে কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। এতে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকের আর্থ-সামাজিক অবস্থারও উন্নয়ন হবে।

আজ শনিবার প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত আইসিটির ভূমিকা শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেছেন। প্রথম আলো আয়োজিত ওই এই বৈঠকে সহযোগিতা করে বেসরকারি উন্নয়ন সংস্থা ক্যাটারিষ্ট এর এগ্রি-বিজনেস ফর ট্রেড কম্পিটেটিভনেস প্রকল্প।

বৈঠকে বক্তারা কৃষকের বোধগম্য করে সহজ ভাবে তথ্য সরবরাহের ওপরে গুরুত্ব দেন। তাঁরা কৃষকের কাছে তথ্য সরবরাহকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের ওপর জোর দেন। এ ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি সংস্থাগুলোর সমন্বয় থাকা জরুরি বলে বক্তারা মন্তব্য করেন।

বৈঠকে মৃত্তিকা সম্পদ উন্নয়ন সংস্থার (এসআরডিআই) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মকবুল হোসেন দেশের প্রতিটি উপজেলার মাটির ধরনের ওপরে তাদের গবেষণা রয়েছে বলে জানান। তিনি বলেন, মাটি পরীক্ষা করে আমরা নির্দেশনা দিতে পারি যে, কোন মাটিতে কী পরিমাণ সার দিতে হবে। এই নির্দেশনা মানলে শস্য উৎপাদন ৩০ শতাংশ বাড়বে।

মকবুল হোসেন বলেন, মাটি ও সার সংক্রান্ত এই তথ্য কৃষকের দোরগোড়ায় পৌঁছাতে হলে তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করা উন্নয়ন সংস্থা এবং সেবাদানকারী সংস্থাগুলোকে একযোগে কাজ করতে হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ সেবা বিভাগের পরিচালক শেখ হেমায়েত হোসেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জনবল ও তাদের কার্যক্রম তুলে ধরেন।

প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম দেশের কৃষকদের উদ্দেশে বলেন, একসময় দেশের কৃষকেরা তাঁদের অভিজ্ঞতা দিয়ে কাজ করত। এখন অনেক ধরনের প্রযুক্তি এসেছে। কৃষকের অভিজ্ঞতা ও প্রযুক্তির মধ্যে সমন্বয়ের ওপরে জোর দেন তিনি।

ক্যাটালিস্টের ব্যবস্থাপক নাফিয়া হুসাইন বলেন, আমরা যত ভালো প্রযুক্তি নিয়ে যাই না কেন তাতে কৃষকের আস্থা থাকতে হবে। সরকারি সংস্থাগুলোর দেওয়া তথ্যের ওপরে কৃষকের আস্থা বেশি এই মন্তব্য করে তিনি বলেন, বেসরকারি সংস্থাগুলোর তথ্যসেবার সঙ্গে সরকারি সংস্থারগুলোর সমন্বয় থাকতে হবে।

মোবাইল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বাংলালিংকের হেড অব বিজনেস স্ট্র্যাটেজিক প্রজেক্ট জালাল হোসেন বলেন, বাংলালিংক এ কেউ ২৪৭৪ এ ফোন করে কৃষি তথ্য সেবা পেতে পারেন। কৃষকদের পণ্য ভালোমতো বাজারজাত করতে আমরা অনলাইন ভিত্তিক কৃষি বাজার করার পরিকল্পনা করছি।

গ্রামীণ ফোনের ভিএএস ও ডিজিটাল সার্ভিসেস এর প্রধান বিশেষজ্ঞ সুমাইয়া সাদিয়া রায়হান বলেন, দেশে কৃষকের সংখ্যা দেড় কোটি হলেও আমরা এখনো কৃষি তথ্য সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে হাজারের ঘরে আটকে আছি। দেশের সব কৃষকের কাছে তথ্য সেবা পৌঁছাতে হলে কৃষকের প্রায়োগিক জ্ঞান ও তথ্য প্রযুক্তির মধ্যে সমন্বয় আনতে হবে।

কৃষি তথ্য সেবা প্রদানকারী বেসরকারি উন্নয়ন সংস্থা ইনকরপোরেট এর প্রধান নির্বাহী কাশফিয়া আহমেদ বলেন, আমরা কৃষকের কাছে কোনো তথ্য সেবা নিয়ে গেলে তারা প্রথমে জানতে চায় এই তথ্য কী সরকার অনুমোদিত কিনা।

কৃষি তথ্য সার্ভিসের গণযোগাযোগ বিভাগের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, কৃষি তথ্য সার্ভিস থেকে সারা দেশে যে তথ্য সেবা কেন্দ্র গুলো স্থাপন করা হয়েছে তাতে প্রতিদিন ৪০০ থেকে ৫০০ কৃষক হাজির হয়। কিন্তু বর্তমান জনবল দিয়ে এদের সবাইকে তথ্য সেবা দেওয়া যাচ্ছে না।

বাংলালিংক এর ইনফ্রাস্ট্রাকচার বিজনেস বিভাগের ভাইস প্রেসিডেন্ট নুজহাত জান্নাতুন নাঈম বলেন, বাংলালিংক এ পর্যন্ত কৃষকের ৪০ হাজার প্রশ্নের উত্তর দিয়েছে। তারপরেও অনেক প্রশ্নের উত্তর দেওয়া যায়নি।

গ্রামীণ ফোনের ভিএএস অ্যান্ড ডিজিটাল সার্ভিসেস এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ মুনতাসির হোসেন বলেন, দেশের তথ্যপ্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে কম্পিউটার ও ল্যাপটপের ব্যবহার কমে যাচ্ছে। মোবাইল ফোন ট্যাবের ব্যবহার বাড়ছে। ফলে সামনের দিনগুলোতে তথ্য সেবা দিতে হলে প্রযুক্তির এই বদলকে মাথায় রাখতে হবে।

প্রযুক্তি সংস্থা উন মিয়াকি এর হেড অব টেকনিক্যাল রেমিজিয়াস রেমি বলেন, আমরা কৃষকদের যেসব তথ্য দিচ্ছি তা আদৌ তারা প্রয়োগ করছেন কিনা তার ওপরে নির্ভর করছে এর সফলতা। কৃষকের চাহিদাকে মাথায় রেখে তথ্য সেবা দেওয়ার পরামর্শ দেন তিনি।

গোলটেবিলের শুরুতে ক্যাটালিস্টের বিজনেস কনসালট্যান্ট সাকিব খালেদ ক্যাটালিস্টের কৃষি তথ্য সেবা দেওয়ার প্রেক্ষাপট তুলে ধরে বলেন, এই সেবাকে আরও বর্ধিত পরিসরে পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি।