দেশের কৃষিকে বৈশ্বিক বাজারের জন্য প্রস্তুত করতে হবে। শুধু খাদ্য নিরাপত্তা নয়, কৃষি যাতে জাতীয় প্রবৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে সেই দিকে মনোযোগ দিতে হবে। সে জন্য কৃষিপণ্য উত্পাদনের পাশাপাশি তা বাজারজাত করা এবং কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে।
গতকাল বৃহস্পতিবার ডিএফআইডি-ইসিআরসি গ্রোথ রিসার্চ প্রোগ্রামের আওতায় সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত সংলাপে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশের কৃষি এবং কাঠামোগত রূপান্তর বিষয়ে এই নীতি সংলাপটিতে দেশীয় এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বিশেষজ্ঞ এবং অর্থনীতিবিদেরা বক্তব্য দেন।
সভায় পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল নিজের ব্যক্তিগত জীবনের কথা জানিয়ে বলেন, ‘আমি একটি কৃষক পরিবার থেকে উঠে এসেছি। আমার পরিবারের কৃষি ছাড়া অন্য কোনো আয় ছিল না। এই কৃষিকে বাদ দিয়ে দেশের কোনো উন্নয়ন সম্ভব নয়।’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ড. ওসমান ফারুক বলেন, নব্বইয়ের পর থেকে দেশে ধারাবাহিকভাবে প্রবৃদ্ধি বাড়ছে। এই হিসাবে গত কয়েক বছর ধরে দেশের প্রবৃদ্ধি গ্রহণযোগ্য নয়। আরও বেশি প্রবৃদ্ধি হওয়া উচিত ছিল।
সংলাপে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. রফিকুল হক বলেন, ‘আমরা এমন সময় বসে এই সংলাপ করছি যখন দেশের বিভিন্ন এলাকায় কৃষক আলুর দাম না পেয়ে তা সড়কে ফেলে দিচ্ছে।’ আলুচাষিদের পাশে সরকার দাঁড়াচ্ছে না।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেন, কৃষি খাতকে শুধু খাদ্য নিরাপত্তার বিষয় হিসেবে দেখলে হবে না। একে অর্থনৈতিক উন্নয়নের চালক হিসেবে দেখতে হবে।
গ্রোথ রিসার্চ প্রোগ্রামের আন্তর্জাতিক উপদেষ্টা কমিটির সদস্য ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সঞ্চালনায় সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্য সরকারের বৈদেশিক উন্নয়ন ইনস্টিটিউটের রিসার্চ ফেলো ড. স্টেফান উইগিন। এ ছাড়া বক্তব্য দেন বিআইডিএস প্রফেসরিয়াল ফেলো ড. কাজী শাহাবুদ্দিন।