কৃষিকে ব্যবসায়িক ভিত্তিতে এগিয়ে নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে আজ শনিবার আয়োজিত কর্মশালায় বক্তব্য দেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। ছবি: প্রথম আলো
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে আজ শনিবার আয়োজিত কর্মশালায় বক্তব্য দেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। ছবি: প্রথম আলো

কৃষিকে ব্যবসায়িক ভিত্তিতে এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি। মোট জিডিপির প্রায় ১১ দশমিক ৬৮ শতাংশ আসে কৃষি ও বনজ খাত থেকে। কৃষি শুধু খোরপোষের সঙ্গেই জড়িত না, কৃষির সামগ্রিক উন্নয়নের সঙ্গে জড়িয়ে আছে সমগ্র দেশের উন্নয়ন।

আজ শনিবার গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে ‘কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা-২০১৭’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মতিয়া চৌধুরী।

গত অর্থবছরে যেসব গবেষণা কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল, সেগুলোর মূল্যায়ন এবং ওই অভিজ্ঞতার আলোকে আগামী বছরের গবেষণা কর্মসূচি প্রণয়নের উদ্দেশ্যে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। বিএআরআইয়ের কাজী বদরুদ্দোজা মিলনায়তনে ছয় দিনব্যাপী (১৪ থেকে ২০ অক্টোবর) এই কর্মশালায় সারা দেশ থেকে কৃষি বিশেষজ্ঞ ও বিজ্ঞানীরা অংশ নিয়েছেন।

কৃষিমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনবান্ধব, দেশপ্রেমিক ও বিজ্ঞানমনস্ক। সরকার প্রতিবছর কৃষিতে প্রণোদনা দিচ্ছে। এ বছরও প্রণোদনার পাশাপাশি বন্যাকবলিত এলাকায় ১৩৭ কোটি টাকার পুনর্বাসন প্যাকেজ ঘোষণা করেছে সরকার। পাশাপাশি নতুন ফসল না ওঠা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ ও ঋণের কিস্তি আদায় বন্ধ ঘোষণা করেছে সরকার।

কৃষিবিজ্ঞানীরা বলেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এ পর্যন্ত ২০৮টিরও বেশি ফসলের ৫১২টি উচ্চ ফলনশীল (হাইব্রিডসহ), রোগ প্রতিরোধক্ষম, বিভিন্ন প্রতিকূল পরিবেশ প্রতিরোধী জাত, ৪৮২টি অন্যান্য প্রযুক্তিসহ ৯০০টিরও বেশি প্রযুক্তি উদ্ভাবন করেছে। এসব প্রযুক্তি উদ্ভাবনের ফলে দেশে গম, তেলবীজ, ডাল, আলু, সবজি, মসলা ও ফলের উৎপাদন ব্যাপকভাবে বেড়েছে। এসব প্রযুক্তির উপযোগিতা যাচাই-বাছাই ও দেশের বর্তমান চাহিদা অনুযায়ী প্রযুক্তি উদ্ভাবনের কর্মসূচি গ্রহণ করাই এ কর্মশালার প্রধান উদ্দেশ্য।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক আবুল কালাম আযাদের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, বিএআরআইয়ের পরিচালক (গবেষণা) মো. লুৎফর রহমান, বিএআরআইয়ের পরিচালক (সেবা ও সরবরাহ) বীরেশ কুমার গোস্বামী, বিএআরআইয়ের পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) পরিতোষ কুমার মালাকার প্রমুখ।

এ ছাড়া কর্মশালায় বিএআরআইয়ের অবসরপ্রাপ্ত মহাপরিচালক, পরিচালক, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সরকারি, বেসরকারি, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ প্রায় ৫০০ জন বিশেষজ্ঞ ও বিজ্ঞানী অনুষ্ঠানে অংশ নেন।