কৃষিখামার শ্রমিকদের বর্ধিত মজুরি পুনরায় চালুর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ধিত মজুরি পুনরায় চালুসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কৃষিখামার শ্রমিকেরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় কৃষিখামার শ্রমিকেরা জানান, দুই মাস ধরে বিএডিসি কর্তৃপক্ষ তাঁদের বর্ধিত মজুরি দেওয়া বন্ধ করে দিয়েছে।

মানববন্ধনে বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বলেন, শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা ১৯৯০ অনুযায়ী খামারের শ্রমিকেরা বিভাগীয় শহরে ৪৫০ টাকা এবং জেলা ও উপজেলা পর্যায়ে ৪০০ টাকা করে দৈনিক বর্ধিত মজুরি পেতেন। কিন্তু দুই মাস আগে বিএডিসি কর্তৃপক্ষ তা বন্ধ করে দেয়। তিনি অবিলম্বে খামারের শ্রমিকদের বন্ধ করে দেওয়া বর্ধিত মজুরি পুনরায় চালুর দাবি জানান।

আব্দুল মজিদ আরও বলেন, ২০০১ সালে ১ হাজার ৬০৪ জন নিয়মিত শ্রমিককে আট মাসের বর্ধিত বকেয়া মজুরি না দিয়েই ছাঁটাই করা হয় এবং অনিয়মিত করে দেওয়া হয়। নীতিমালা অনুযায়ী, তিন বছর কাজ করার পর তাঁদের নিয়মিত শ্রমিক হিসেবে বেতন পাওয়ার কথা। কিন্তু ১৫ বছর পার হলেও তা বাস্তবায়ন করা হয়নি। ফলে তাঁরা মানবেতর জীবন যাপন করছেন।

মানববন্ধনে বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সহসভাপতি আব্দুল লতিফ বলেন, বিএডিসি কর্তৃপক্ষ দীর্ঘকাল ধরে ‘মাস্টার রোল হাজিরা’ বা দৈনিক হাজিরার বিপরীতে বেতনের নামে টাকা আত্মসাৎ করে আসছে। শ্রমিকদের বেতন হাতে হাতে না দিয়ে ব্যাংকের মাধ্যমে দেওয়ার দাবি জানান তিনি।

সে সময় সংগঠনটির সহসাধারণ সম্পাদক মো. মামুন হোসেন বলেন, খামারের শ্রমিকেরা ২৫ থেকে ৩০ বছর কাজ করেও পেনশন, অবসর ভাতাসহ কোনো ধরনের সুবিধা পান না। এসব বৈষম্যের কারণে শ্রমিকেরা ক্ষুব্ধ ও হতাশ।