কৃষিজমি অধিগ্রহণের সিদ্ধান্তের প্রতিবাদে সিঙ্গাইরে বিক্ষোভ
মানিকগঞ্জের সিঙ্গাইরে উপশহর করার নামে কৃষিজমি অধিগ্রহণের সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল সোমবার শত শত কৃষক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। সমাবেশ থেকে জমি অধিগ্রহণ প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়।সিঙ্গাইর উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, সরকার সম্প্র্রতি সিঙ্গাইর উপজেলার গোবিন্দল, আজিমপুর, নয়াডিঙ্গী, লক্ষ্মীপুর, বেগুনটেউরী, সাহরাইল ও দক্ষিণ চারিগ্রাম গ্রামের এক হাজার ১১৩ একর জমি অধিগ্রহণ করে সেখানে উপশহর করার সিদ্ধান্ত নিয়েছে।সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল গোবিন্দল গ্রামের শত শত কৃষক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। সকাল ১০টার দিকে গোবিন্দল থেকে মিছিলটি বের হয়ে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন সিঙ্গাইর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মহর দেওয়ান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। এর আগে গোবিন্দল এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা যেকোনো মূল্যে জমি অধিগ্রহণ প্রতিহত করার ঘোষণা দেন। সিঙ্গাইরের উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশফিকুর রহমান বলেন, সিঙ্গাইরে উপশহর করার সরকারি এ সিদ্ধান্তের সঙ্গে সিঙ্গাইরবাসীর কোনো দ্বিমত নেই।