কৃষিজমি ও নদী ভরাট করে ইটভাটা নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের কড়িকান্দি ও কানাইনগর গ্রামের পশ্চিমে কৃষিজমির মাটি কাটা এবং মেঘনা নদীতে বালু ফেলে ভরাট করা হচ্ছে। ইটভাটা নির্মাণের জন্য প্রায় এক মাস ধরে এ কাজ চলছে। ছবিটি কড়িকান্দি গ্রাম থেকে সম্প্রতি তোলা l প্রথম আলো
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের কড়িকান্দি ও কানাইনগর গ্রামের পশ্চিমে কৃষিজমির মাটি কাটা এবং মেঘনা নদীতে বালু ফেলে ভরাট করা হচ্ছে। ইটভাটা নির্মাণের জন্য প্রায় এক মাস ধরে এ কাজ চলছে। ছবিটি কড়িকান্দি গ্রাম থেকে সম্প্রতি তোলা l প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় কৃষিজমির মাটি কেটে ও মেঘনা নদী ভরাট করে ইটভাটা নির্মাণ করা হচ্ছে। এক মাস ধরে মতিউর রহমান নামের এক ব্যক্তি ওই ইটভাটা নির্মাণ করছেন।
এলাকার সাত-আটজন ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার কানাইনগর গ্রামের মতিউর রহমান কড়িকান্দি ও কানাইনগর গ্রামের পশ্চিম পার্শ্বে ইটভাটা নির্মাণের কাজ করছেন। তিনি এক মাস ধরে এক্সকাভেটর (মাটি কাটার যন্ত্র) দিয়ে ওই জমির মাটি কেটে পাড় বাঁধার কাজ করছেন। এ কাজে ২০-২২ বিঘা কৃষিজমি ব্যবহার করছেন তিনি। এ ছাড়া তিনি বালু এনে ওই জমিসংলগ্ন মেঘনা নদী ভরাট করছেন।
গত বুধবার (১৫ এপ্রিল) কানাইনগর-কড়িকান্দি এলাকায় গিয়ে দেখা যায়, কড়িকান্দি ও কানাইনগর গ্রামের সীমানার ১০০ গজ দূরে পশ্চিম দিকে ইটভাটা নির্মাণের কাজ চলছে। নির্মাণাধীন ইটভাটার পশ্চিম প্রান্তে মেঘনা নদী। নদীর প্রায় আড়াই বিঘা জায়গা মাটি দিয়ে পাড় বেঁধে বালু ফেলে ভরাট করা হচ্ছে।
কানাইনগর গ্রামের কৃষক সুরুজ মিয়া বলেন, ‘নদীর জায়গা ভরাট করতাছে মতিউর রহমান। তবে নদীর পাড়ে মতিউরের জায়গাও আছে। শুনেছি এখানে ইটখোলা (ইটভাটা) বানাইব হেরা। এক মাস ধইরা মাডি (মাটি) ফালাইতাছে ড্রেজার দিয়া।’
কড়িকান্দি গ্রামের কৃষক আল আমিন বলেন, ‘কানাইনগর আর কড়িকান্দির দুই গ্রামে অন্তত ২০০ বাড়িঘর আছে। এই বাড়িঘরের লগেই এক মাস ধইরা মাডি কাটার যন্ত্র দিয়া জমির মাডি কাইট্টা পাড় বানতাছে (তৈরি)। শুনছি এই জমিতে ইটভাটা বানাইব। এসব জমিতে সব সময় ফসল হয়। এখানে ইটভাটা হইলে অনেক ক্ষতি হইব।’
এ ব্যাপারে মতিউর রহমান বলেন, ‘ইটভাটা তৈরি করতে এক বছর সময় লাগবে। অনুমোদনের ব্যাপারও আছে। ওই জায়গা সব আমাদেরই। অনুমোদন পাওয়ার আগে ইট-বালুর ব্যবসা করব এখানে। আর নদীর দিকে আমাদের পৈতৃক জমি রয়েছে, সেই জায়গায় বালু ফেলে ভরাট করা হচ্ছে।’
উজানচর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (আইয়ুবপুর ইউনিয়নের অতিরিক্ত দায়িত্বে আছেন) শামীমা আক্তার জানান, আইয়ুবপুর ইউনিয়নের কানাইনগর ও কড়িকান্দি এলাকায় কৃষিজমি এবং মেঘনা নদীতে ইটভাটা তৈরি করা হচ্ছে, এমনটি তাঁর জানা নেই।
পরিবেশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক মো. ছায়েফ উল্যা তালুকদার জানান, এক কিলোমিটারের মধ্যে ৫০টির বেশি বাড়িঘর থাকলেও বছরে দুটি ফসল হয় এমন ভূমিতে ইটভাটা নির্মাণ করা যাবে না। যদি কেউ তা করেন, তাহলে তিনি পরিবেশের ছাড়পত্র পাবেন না।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরদার বলেন, ‘কৃষিজমিতে ও মেঘনা নদী ভরাট করে ইটভাটা নির্মাণ করার কথা শুনিনি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’