কৃষিজমি ও পৌর এলাকায় তৈরি হচ্ছে ইটভাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে অনুমতি ছাড়াই কৃষিজমিতে গড়ে উঠেছে একটি ইটভাটা। এ ছাড়া আরও তিনটি ভাটা কৃষিজমিতে গড়ে উঠছে। এলাকাবাসী বলছেন, এসব ভাটা তৈরি হলে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়বে।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুয়ায়ী পৌর এলাকা, আবাসিক এলাকা ও কৃষিজমিতে ইটভাটা তৈরি করা যাবে না। কিন্তু সেই আইনের ব্যত্যয় ঘটিয়ে ভাটা তৈরির কাজ চলছে।
উপজেলার সাতবাড়িয়ার বাজারের অদূরে সুপার ব্রিকস, বারুইহাটি গ্রামে রোমান ব্রিকস এবং কেশবপুর পৌরসভার ভোগতী এলাকায় জামান ব্রিকস নামের তিনটি ভাটা তৈরি হচ্ছে। আর বায়সা গ্রামে গাজী ব্রিকস এ ইতিমধ্যে ইট তৈরি হচ্ছে।
সরেজমিনে ১৬ ও ১৭ ফেব্রুয়ারি ভাটাগুলোয় দেখা গেছে, একটিতে ইট পোড়ানো হচ্ছে। কোনোটিতে চিমনি তৈরির কাজ চলছে। কেশবপুর ত্রিমোহিনী সড়কের সাতবাড়িয়া বাজারের পাশেই তৈরি হচ্ছে ইটভাটা—সুপার ব্রিকস। একদিকে ভাটা, অন্যদিকে মসুরখেত, এর পাশেই বেগুনখেত। ভাটার পেছনে বিস্তীর্ণ জমিতে সবজির আবাদ করা হয়েছে। ১৭৫ শতক জমিতে এই ভাটা তৈরি করা হচ্ছে। ভাটার পাশেই মনোয়ারা বেগমের বাড়ি। তিনি বলেন, ‘এখানে ভাটা হলে আমরা বসবাস করতে পারব না।’ ভাটার পাশেই শফিকুল ইসলামের পানের বরজ। তিনি বলেন, এখানে ১০০ বিঘা জমিতে চারটি বরজ করে দীর্ঘদিন থেকে পান উৎপাদন করছেন। তিনি আরও বলেন, ইটভাটা হলে পান উৎপাদন হবে কি না, তা নিয়ে তিনি চিন্তিত।
ভাটার প্রায় ৩০০ ফুট দূরে সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রউফ বলেন, ‘পরিবেশের আইন লঙ্ঘন করে যদি ভাটা হয় তবে আমাদের প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হবে।’ ভাটামালিক ফারুকুল ইসলাম বলেন, ‘পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসকের অনুমতির জন্য আবেদন করেছি।’ তিনি দাবি করেন, এখানে কোনো আবাসিক এলাকা নেই এবং ভাটা তৈরি হলে ফসলের কোনো ক্ষতি হবে না।
বারুইহাটি গ্রামে পাকা রাস্তার ধারেই গড়ে উঠছে রোমান ব্রিকস। এখানে দেখা যায় আম ও মেহগনিগাছ কেটে ভাটার জন্য চিমনি তৈরির কাজ চলছে। ভাটার পেছনে সবজিখেত। সামনে ধানের আবাদ করা হয়েছে। ভাটার ব্যবস্থাপক আকতার হোসেন বলেন, এখানে ২২ বিঘা জমি নিয়ে ভাটা তৈরির কাজ করা হচ্ছে। এদিকে এই ভাটা তৈরির বিরুদ্ধে যশোরের জেলা প্রশাসক বরাবর এলাকার ৭৫ জন একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এতে বলা হয়েছে, ভাটার ১০০ গজের মধ্যে একটি মাদ্রাসা, মন্দিরসহ মানুষের বসতি রয়েছে। এখানে ইটভাটা তৈরি করার অনুমতি না দিতে আবেদন করা হয়েছে। ভাটামালিক আবু বক্কর সিদ্দিকী বলেন, ভাটা তৈরির জন্য এখনো কোনো অনুমতি নেননি তিনি।
কেশবপুর পৌরসভার ভোগতী এলাকার দোবিলে কৃষিজমিতে ইটভাটা তৈরি করছেন মনিরুজ্জামান। এখানে আট বিঘা জমি নিয়ে জামান ব্রিকস নামে ইটভাটা তৈরি হচ্ছে। এখানে ভাটার পাশেই মানুষের বসতি। ভাটার দুই ফুট দূরে ধানখেত। এই ভাটার চিমনি তৈরির কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। ভাটামালিক মনিরুজ্জামান বলেন, পরিবেশ অধিদপ্তর অনুমতি দিয়েছে। জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে। পৌর এলাকায় ভাটা তৈরির ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, পৌর এলাকার শেষ প্রান্তে এটি করা হয়েছে। তিনি দাবি করেন, এখানকার বেশির ভাগ জমি তাঁদের পরিবারের। তাই এখানে ফসলের তেমন ক্ষতি হবে না।
বায়সা গ্রামের শ্মশানের পাশেই তৈরি হয়েছে গাজী ব্রিকস। পুরো ভাটাটি কৃষিজমির ওপরেই গড়ে উঠেছে। এই ভাটায় অনুমতি ছাড়াই ইট তৈরির কাজ চলছে। ভাটামালিক আরমান গাজী বলেন, ‘ভাটা তৈরির জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করেছি। কিন্তু অনুমতি না পেয়ে গত জানুয়ারি মাস থেকে ইট পোড়ানো শুরু করেছি।’
কেশবপুর ইউএনও শরীফ রায়হান কবির বলেন, অনুমতি না নিয়ে এবং লাইসেন্স ছাড়া যাঁরা ইটভাটা তৈরি করেছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের জ্যেষ্ঠ রসায়নবিদ আতউর রহমান বলেন, ‘কেশবপুরের ইটভাটার ব্যাপারে আমাদের কাছে কোনো আবেদন করা হয়নি। আইনের মধ্যে না পড়লে তাদের কোনো অনুমতি দেওয়া হবে না।’