কৃষিজমি থেকে পাথর উত্তোলন
পঞ্চগড়ে কৃষিজমি থেকে অবৈধভাবে যন্ত্র দিয়ে পাথর উত্তোলন করা হচ্ছে। অপরিকল্পিত এই পাথর উত্তোলনের ফলে কমে যাচ্ছে কৃষিজমি। হুমকির মুখে পড়ছে কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্য। প্রশাসনকে ‘ম্যানেজ’ করে প্রভাবশালীরা খাসজমি থেকেও পাথর উত্তোলন করে যাচ্ছে।খোঁজ নিয়ে জানা গেছে, পাথর উত্তোলনকারী একটি চক্র প্রশাসনের নাকের ডগায় ১৫ দিন ধরে মেশিন বসিয়ে নির্বিচারে পাথর উত্তোলন শুরু করছে। এসব মেশিন বসিয়েছেন ইসলাম মেম্বার, ভজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আছিরউদ্দিন, জনাব আলী, রমজানসহ কয়েকজন। পাথরশ্রমিকদের অভিযোগ, স্থানীয় সরকারদলীয় এসব নেতা ক্ষমতার প্রভাব খাটিয়ে অবৈধভাবে মেশিন বসিয়ে পাথর উত্তোলন অব্যাহত রাখলেও এখন পর্যন্ত কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি। তবে মেশিনটিকে বালু কাটা মেশিন দাবি করে মো. আছিরউদ্দিন বলেন, বালুর সঙ্গে সামান্য কিছু পাথর আসছে। করতোয়া তীরবর্তী জমিটি খাস নয় বলে দাবি করেন তিনি।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আলীমুজ্জামান প্রথম আলোকে বলেন, কৃষিজমি থেকে বড় বড় গর্ত করে পাথর তোলার ফলে আবাদি জমি কমে যাচ্ছে। এতে মাটির উর্বরতা শক্তিও কমে যাচ্ছে। কৃষি পরিবেশে বিরূপ প্রভাব পড়ছে। জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। তেঁতুলিয়া উপজেলার প্রায় ৮০০ হেক্টর জমি অনাবাদি হয়ে পড়েছে। এই জমিতে দীর্ঘদিনেও আবাদ করা সম্ভব হবে না।পঞ্চগড় জেলা পরিবেশ পরিষদের সভাপতি তৌহিদুল বারী বলেন, সমতল কৃষিজমি থেকে পাথর তুলতে বিশাল গর্ত করা হচ্ছে। পাথর তোলার পর এসব জমি পতিত হয়ে পড়ছে। এতে করে কৃষিজমি ক্রমেই হ্রাস পাচ্ছে। অপরিকল্পিতভাবে পাথর তোলার ফলে ভূমির গঠন ও প্রকৃতি বদলে যাচ্ছে। কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। পাথর উত্তোলনকারী শ্রমিকদের নেতা ও তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তারুল হক বলেন, বর্তমানে সরকারি দলের প্রভাব খাটিয়ে বিভিন্ন স্থান, বিশেষ করে নদীতীরবর্তী খাসজমি দখল করে পাথর উত্তোলন করা হচ্ছে। অনেকে আবার খাসজমি বন্দোবস্ত নিয়ে নীতিমালা ভঙ্গ করে পাথর তুলছেন। অবৈধ মেশিন দিয়ে পাথর উত্তোলন বন্ধে তিনি জেলা আইনশৃঙ্খলা সভায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি এলাকার হারুন-উর রশিদ জানান, এলাকার অনেক মানুষ নিজেদের জমি থেকে পাথর উত্তোলন করে। ফসল আবাদ করে যে অর্থ আসে, তার থেকে পাথর তুলে ১০০ বছরের আবাদের সমান টাকা পাওয়া যায়। ফলে লোভে পড়ে মানুষ পাথর তুলছেন। পাথর তুলে অনেকে আর্থিকভাবে সচ্ছলও হয়েছেন। তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়সিন্ধু তালুকদার বলেন, কৃষিজমি থেকে পাথর তোলা বন্ধের কোনো নীতিমালা নেই। তা ছাড়া ৩০-৪০ হাজার মানুষের জীবন-জীবিকা এই পাথর তোলার ওপর নির্ভরশীল। সরকারি খাসজমি থেকে অবৈধভাবে পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।