কৃষিজমি দখল করে ইটভাটা প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিজমিতে অবৈধভাবে ইটভাটা নির্মাণের প্রতিবাদে খুলনার ডুমুরিয়া উপজেলার তেলিখালী-কাঞ্চননগর-শরাফপুর এলাকার লোকজন গতকাল রোববার দুপুরে মিছিল ও মানববন্ধন করে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, জেলা আওয়ামী লীগের এক নেতা ও তাঁর ভাই গত ফেব্রুয়ারিতে উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের শালতা নদীর পশ্চিম পাশে ১৬ একর ৬৮ শতাংশ জমিতে অনুমোদন ছাড়াই দুটি ইটভাটা নির্মাণ শুরু করেন। এরপর তাঁরা গ্রামের কিছু দালালের সহায়তায় গরিব-অসহায় ও হিন্দুদের কাছ থেকে জমি কিনতে থাকেন। একই সঙ্গে খননযন্ত্র দিয়ে ওই সব জমিসহ আশপাশের জমির মাটি কেটে বেড়িবাঁধ দিয়ে দখল করে নিচ্ছেন। ফলে ইটভাটার সীমানা শতাধিক একর ছাড়িয়ে গেছে। গতকাল দুপুরে এলাকার বিপুল সংখ্যক নারী-পুরুষ জমি দখল করে ইটভাটা তৈরির প্রতিবাদে বিক্ষোভ করে ডুমুরিয়ার প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা পরিষদের সামনে সমবেত হন। তখন বিক্ষোভকারীরা খুলনা-সাতক্ষীরা সড়কে পরিষদের সামনে থেকে ডুমুরিয়া বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তার দুই ধারে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন চলাকালে বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করে খুলনা-৫ আসনের সাংসদ নারায়ণ চন্দ্র চন্দ বলেন, ‘আমি যেহেতু স্থানীয় এমপি, তাই খোলাখুলি সবকিছু বলতে পারছি না। তবে এলাকাবাসী ইটভাটার বিপক্ষে অবস্থান নিয়েছে।’