কৃষিজমি ভরাট বন্ধে বিক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় তিতাস নদীর পাড়ে কৃষিজমি ভরাট বন্ধে সম্প্রতি উপজেলা সদরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। এলাকার কয়েকজন জানান, উপজেলা সদরের লঞ্চঘাটের অদূরে তিতাস নদীর পূর্ব পারে ব্যক্তিমালিকানাধীন এক একর কৃষিজমিতে কয়েক দিন ধরে ড্রেজিংয়ের মাধ্যমে বালু ফেলে ভরাট করা হচ্ছিল। এই ব্যক্তির দেখাদেখি অন্যরাও জমি ভরাট করবেন। ফলে এখানে আর ফসলি জমি থাকবে না। গত রোববার ওই কৃষিজমি ভরাটের প্রতিবাদে ‘সচেতন নাগরিক সমাজে’র ব্যানারে উপজেলা সদরের ডাকবাংলো সড়কে মানববন্ধন করা হয়। পরে সদরে এক বিক্ষোভ মিছিল শেষে এর প্রতিকার চেয়ে ইউএনও কাছে সঞ্চারকলিপি দেওয়া হয়। সঞ্চারকলিপিতে স্বাক্ষর করা আবদুল বাতেন ও শরীফুল হক জানান, নদী পারের এ কৃষিজমি নির্বিঘ্নে ভরাট হলে, এক দিন এখানকার কৃষিজমি বিলীন হয়ে যাবে। উপজেলা সদরের আহমেদ প্রাইভেট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ ক্রয়সূত্রে ওই জমির মালিক।ফরিদ উদ্দিন গত মঙ্গলবার সংবাদ সম্মেলন করে বলেন, ওই জমিতে বাড়ি তৈরির লক্ষ্যে জেলা প্রশাসনের কাছে আবেদন করেই বালু ভরাট করছিলাম। কিন্তু ভরাট করতে গেলে স্থানীয় কিছু যুবক মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। তাঁরা চাঁদা না পেয়ে মিছিল মিটিং করেছেন।ইউএনও আ ন ম নাজিম উদ্দীন সঞ্চারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।