কৃষিজমি রক্ষার দাবিতে অবরোধ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিতাস নদী থেকে বালু তোলার নামে কৃষিজমি ধ্বংসের প্রতিবাদ ও জমি রক্ষার দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন কয়েক শ কৃষক। গত মঙ্গলবার উপজেলার শাহবাজপুর বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
কৃষক সূত্রে জানা গেছে, উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধীতপুর গ্রামের তিতাস নদীর বালুমহাল এক বছরের জন্য ইজারা নেন মহিউদ্দিন সরকার। ইজারাদার বর্ষার শুরু থেকে শেষ পর্যন্ত বালু তোলার নামে ড্রেজার (খননযন্ত্র) দিয়ে কৃষিজমির মাটি কেটে নিচ্ছেন। ইতিমধ্যে ধীতপুর এলাকার তিন শতাধিক কানি (৩০ শতাংশে এক কানি) কৃষিজমি নদীতে বিলীন হয়ে গেছে। এ ব্যাপারে কৃষকেরা একাধিকবার প্রশাসনের কাছে লিখিত আবেদন করেও প্রতিকার পাননি। এ ঘটনায় গত রোববার কৃষকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে কৃষিজমি রক্ষার দাবিতে বিক্ষোভ করেন। এতেও কোনো কাজ হয়নি। মঙ্গলবার বিকেল চারটার দিকে নিজেদের জমির মাটি কেটে নেওয়ার দৃশ্য দেখে গ্রামবাসী ক্ষিপ্ত হন। তাঁদের মধ্যে কয়েকজন মাটি কাটতে বাধা দিতে এগিয়ে গেলে হামলার শিকার হন। এ সময় শহিদুল ইসলাম (১৮), রাসেল মিয়া (১৬) ও লিটন মিয়া (৩০) আহত হন। সংজ্ঞাহীন হয়ে পড়েন হরকুমার কর্মকার (৫৫)। কিছুক্ষণের মধ্যে হরকুমার মারা যান।
হরকুমারের মৃত্যুর খবরে ওই গ্রামের কয়েক শ লোক সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শাহবাজপুর বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ করেন এবং এ ঘটনার বিচার ও জমি রক্ষার দাবি করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ ও হাইওয়ে পুলিশ এসে জমি রক্ষার আশ্বাস দিলে সন্ধ্যা সাতটার দিকে তাঁরা অবরোধ তুলে নেন। অবশেষে গতকাল বুধবার ধীতপুর এলাকা থেকে খননযন্ত্র সরিয়ে নেন ইজারাদার।
ইজারাদার মহিউদ্দিন মুঠোফোনে গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘নদীর তলদেশ থেকে বালু উত্তোলন করছি। কারও জমির মাটি কাটছি না।’ তাহলে কৃষকদের জমি বিলীন হচ্ছে কেন? এ প্রশ্নের জবাবে বলেন, ‘এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।’
ওসি আলী আরশাদ জানান, আইনশৃঙ্খলার যেন অবনতি না ঘটে সে দিকে নজর রয়েছে।
ইউএনও মোহাম্মদ এমরান হোসেন বলেন, চিহ্নিত এলাকার বাইরে বালু উত্তোলন করা হলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।