কৃষিজমি রক্ষার দাবিতে সমাবেশ

দক্ষিণ কেরানীগঞ্জের রাজাবাড়ি-মালিভিটা এলাকার কৃষিজমি রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
গতকাল শুক্রবার সকালে রাজাবাড়ি বাজার এলাকায় রাজাবাড়ি ভূমি রক্ষা কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এতে ঠাকুরপুর, ধীৎপুর, ধনিয়াশুর ও পোথাইল মৌজার তিন শতাধিক জমির মালিক অংশ নেন।
রাজাবাড়ি ভূমি রক্ষা কমিটির সভাপতি জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি রুহুল আমিন খান, বাস্তা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. সাহেব আলী, রাজাবাড়ি গ্রামের বাসিন্দা জাকির হোসেন ও ফজলুল হক।
রাজাবাড়ি ভূমি রক্ষা কমিটির সহসভাপতি রুহুল আমিন খান বলেন, ঢাকা সান সিটি নামের একটি আবাসন প্রতিষ্ঠানের লোকজন রাজবাড়ি ও মালিভিটা এলাকার ধনিয়াশুর, ঠাকুরপুর, ধীৎপুর ও পোথাইল মৌজায় জোর করে মাটি ফেলে ব্যক্তি মালিকানার জমি ভরাট করছে। এর প্রতিবাদ করলে জমির মালিকদের বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। তিনি বলেন, এ বিষয়ে ৩ এপ্রিল তাঁরা রাজউকে আবেদন করেছেন। তাঁরা শুনেছেন, রাজউক ১০ এপ্রিল সাইনবোর্ড অপসারণ ও কৃষি জমি ভরাট বন্ধ করতে ঢাকা সান সিটি আবাসন প্রকল্পকে নোটিশ দিয়েছে। কিন্তু রাজউকের নির্দেশ অমান্য করে ঢাকা সান সিটির লোকজন জোর করে মাটি ভরাট করার চেষ্টা করছেন।
বাস্তা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. সাহেব আলী বলেন, ঢাকা সান সিটির লোকজন এলাকার কিছু ভূমিদস্যুর সহায়তায় ৪টি মৌজায় সামান্য কিছু জমি কিনে সেখানে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়ে অন্যের জমি বিক্রির পাঁয়তারা করছে। জোর করে ব্যক্তিমালিকানার জমি ভরাট করছে।
রাজাবাড়ি গ্রামের বাসিন্দা জাকির হোসেন বলেন, ‘রাজাবাড়ি এলাকায় আমার পৈতৃক দুই বিঘা জমি আছে। সেই জমি মাটি ভরাট করে দখল করতে চাচ্ছে ভূমিদস্যুরা। আমরা এসব ভূমিদস্যুর হাত থেকে বাঁচতে চাই।’
এলাকার বাসিন্দা ফজলুল হক বলেন, ঢাকা সান সিটি তাদের সাইনবোর্ডের আশপাশের এলাকার জমি নিজেদের দাবি করে বিক্রি করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, ‘৪টি মৌজার সব কৃষি জমি। এখানকার ৯০ ভাগ মানুষের পেশা কৃষিকাজ। ভূমিদস্যুরা জোর করে জমি দখলের চেষ্টা করছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। ভূমিদস্যুদের শাস্তি দাবি করছি।’
ঢাকা সান সিটির পরিচালক ও বাস্তা ইউপির সাবেক সদস্য মো. জিলানী তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাদের আবাসন প্রকল্পের নামে অন্যের জায়গায় মাটি ফেলা হয়নি। আমাদের নিজস্ব সম্পত্তিতে সাইনবোর্ড লাগানো হয়েছে।’ তাঁর দাবি, তাঁদের আবাসন প্রকল্পকে ধ্বংস করার জন্যে একটি মহল ষড়যন্ত্র চালাচ্ছে।