কৃষিজমি রক্ষায় আইন, আড়িয়ল বিল ও রূপগঞ্জ ঘটনার তদন্ত দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ও প্রচ্ছন্ন সহায়তায় দেশে কৃষিজমি ধ্বংস হচ্ছে। রূপগঞ্জ ও আড়িয়ল বিলের মানুষকে কৃষিজমি রক্ষায় প্রাণ দিতে হচ্ছে। এই পরিস্থিতি থেকে দেশের কৃষিজমি রক্ষায় আইন প্রণয়ন করতে হবে। রূপগঞ্জ ও আড়িয়ল বিলের ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে।‘বাংলাদেশের কৃষিভূমি ও জলাভূমির বাণিজ্যিকীকরণ এবং দরিদ্র জনগোষ্ঠীর অক্ষমতায়ন’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এই দাবি জানিয়েছেন। অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআইডি) গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এই সেমিনারের আয়োজন করে।সেমিনারে উপস্থাপিত মূল প্রবন্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল বারকাত দেশের ১০টি গ্রামের কৃষি ও জলাভূমির বাণিজ্যিকীকরণের ওপর এক বছর ধরে পরিচালিত একটি গবেষণার প্রাথমিক তথ্য-উপাত্ত তুলে ধরেন।আবুল বারকাত বলেন, দেশের গ্রামাঞ্চলে প্রতিদিন ১৯৭ একর ও প্রতিবছর ৭২ হাজার ৭৭ একর কৃষিজমি কৃষিকাজের বাইরে চলে যাচ্ছে। এর ৯০ শতাংশ যাচ্ছে আবাসন খাতে। বাকি জমি যাচ্ছে শিল্প, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য খাতে। কৃষিজমির বিক্রেতাদের ৯০ শতাংশ প্রান্তিক কৃষক, ক্রেতা গ্রামীণ প্রভাবশালীরা।গত চার দশকে গ্রামে বাণিজ্যিক কর্মকাণ্ডে পুঁজি বিনিয়োগ বেড়েছে ২৫ গুণ। কৃষিজমিতে এক কোটি ৯০ লাখের বেশি জলাভূমি তৈরি করা হয়েছে। এর বেশির ভাগই করা হয়েছে বাণিজ্যিকভাবে মাছ চাষের জন্য। স্বাগত বক্তব্যে এএলআরইডির নির্বাহী পরিচালক শামসুল হুদা বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ও প্রচ্ছন্ন সহায়তায় দেশে কৃষি ও জলাভূমির বাণিজ্যিকীকরণ হচ্ছে। এতে দরিদ্র মানুষ আরও বেশি ক্ষমতাহীন হয়ে পড়ছে। আড়িয়ল বিল ও রূপগঞ্জের কৃষক ও গ্রামীণ মানুষ প্রাণ দিয়ে কৃষিজমি রক্ষা করছে। তথাকথিত গৃহায়ণের নামে সাধারণ মানুষের ওপর নির্যাতন হয়েছে। ওই ঘটনার এখনো কোনো তদন্ত হয়নি।সভাপতির বক্তব্যে কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, কৃষিজমির বাণিজ্যিকীকরণের ফলে কিছু মানুষ লাভবান হচ্ছে। আর বিপুলসংখ্যক মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত। সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য বাড়ছে। কৃষিজমি রক্ষা ও বৈষম্য দূর করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর জোর দেন তিনি। এএলআরইডির চেয়ারপারসন খুশী কবিরের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য দেন কর্মজীবী নারীর চেয়ারপারসন শিরীন আখতার, আইইউসিএনের দেশীয় পরিচালক নিয়াজ আহমেদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শফিক উজ্জামান প্রমুখ।