দেশে কৃষিজমিতে গড়ে উঠছে অপরিকল্পিত আবাসন। প্রতিবছর মোট আবাদি জমির ১ শতাংশ কমছে। তা অব্যাহত থাকলে ২০৩০ সালে মোট কৃষিজমির ৫০ শতাংশ হারিয়ে যাবে। আর ২০৫০ সালে দেশে কোনো আবাদি জমিই থাকবে না। তাই কৃষিজমি রক্ষায় দ্রুত সমন্বিত নগরায়ণ প্রকল্প বাস্তবায়ন করা দরকার।
গতকাল শনিবার বগুড়ায় ‘কৃষিজমি রক্ষা, পরিকল্পিত আবাসন, গতিময় অর্থনীতি ও বিকশিত জীবনের জন্য কমপ্যাক্ট টাউনশিপ’ শীর্ষক নাগরিক সংলাপে বিশেষজ্ঞরা এসব কথা বলেন। স্থানীয় একটি মোটেলে কমপ্যাক্ট টাউনশিপ ফাউন্ডেশন এ সংলাপের আয়োজন করে। তবে বিশেষজ্ঞরা এ-ও বলেন, শহরে-নগরে, গ্রামে কমপ্যাক্ট টাউনশিপ (সমন্বিত শহরায়ণ) বাস্তবায়নের মাধ্যমে কৃষিজমি রক্ষা, পরিকল্পিত আবাসন, গতিময় অর্থনীতি ও বিকশিত জীবন নিশ্চিত করা সম্ভব।
কৃষিজমি, বনভূমি ও জলাভূমি হ্রাস, দেশের জন্য সর্বনাশ—উল্লেখ করে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও গবেষক আবুল হোসেন বলেন, ‘দেশের জনসংখ্যা বর্তমানে ১৬ কোটি। ২০৫০ সালে তা দাঁড়াবে ২৪ কোটিতে। ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি মোকাবিলায় খাদ্য, আবাসন, যাতায়াত ও কর্মসংস্থানের চ্যালেঞ্জ আমাদের সামনে। আবাদি জমির ওপর গড়ে উঠছে নতুন নতুন আবাসন। নতুন জনপদের সঙ্গে শহর-বন্দর যুক্ত করতে আবাদি জমি নষ্ট করে নির্মাণ করা হচ্ছে রাস্তাঘাট। এভাবে চলতে থাকলে দেশে কোনো আবাদি জমিই থাকবে না। কিন্তু ৭০ হাজার গ্রামে সাত হাজার কমপ্যাক্ট টাউনশিপ গড়ে তুলে আবাদি জমি রক্ষা করা সম্ভব। ২০০ একর আয়তনের প্রতিটি সমন্বিত শহরে পাঁচ হাজার পরিবারের আবাসন সুবিধা থাকবে।’
বগুড়া প্রেসক্লাবের সভাপতি যাহেদুর রহমান বলেন, কৃষকেরা ধানের আবাদ করে উৎপাদন খরচ ঘরে তুলতে পারেন না। ন্যায্য দাম পান না। এ কারণে তাঁরা জমি বিক্রি করে দেন। পরে এসব জমিতে গড়ে ওঠে আবাসন, শিল্পকারখানা। কৃষিজমি রক্ষায় সবচেয়ে জরুরি কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা।
বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক কৃষিবিজ্ঞানী এ কে এম জাকারিয়া বলেন, বিশ্বের অনেক দেশ কৃষি উৎপাদন ছেড়ে দিচ্ছে। এতে বাংলাদেশের কৃষির সম্ভাবনা আরও বাড়ছে। কৃষি ছেড়ে দেওয়া দেশগুলোতে বাংলাদেশ খাদ্যপণ্য রপ্তানি করে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে। এ জন্য কৃষিজমি রক্ষায় এখনই উদ্যোগ নিতে হবে।
বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, কৃষিজমি রক্ষার পাশাপাশি ৫৪ নদীর মধ্যে ৫৩ নদীতে বাঁধ দিয়ে ভারত এ দেশের কৃষিকে যে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে, তারও সমাধান হওয়া দরকার।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) জেলা কমিটির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, চীন, ভিয়েতনাম, ফিলিপাইনসহ অনেক দেশই সমন্বিত শহরায়ণের মডেল গ্রহণ করেছে। কৃষিজমি রক্ষায় এ দেশেও এ মডেল দ্রুত বাস্তবায়ন দরকার।
শেরপুর পৌরসভার মেয়র আবদুস সাত্তার বলেন, দেশের উন্নয়ন ও অর্থনীতির চাকা সচল রাখতে পরিকল্পিত শহরায়ণ ও শিল্পায়ন দরকার। খাদ্য উৎপাদন ঠিক রেখে কীভাবে শহরায়ণ ও শিল্পায়ন করা যায়, তা নিয়েও ভাবা দরকার।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নাগরিক সংগঠন সচেতন নাগরিক কমিটির (সনাক) জেলা সভাপতি বজলুল করিম বলেন, কৃষিজমি রক্ষায় সমন্বিত শহরায়ণ ধারণা ইতিবাচক হলেও তা কীভাবে, কারা বাস্তবায়ন করবেন, সেটা আগে চূড়ান্ত করা দরকার।
বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহবুবর রহমানের সভাপতিত্বে সংলাপে অন্যদের মধ্যে বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মেসবাউল আলম, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির পল্লী জনপদ প্রকল্পের উপপরিচালক দেলোয়ার হোসেন, পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ খোন্দকার গোলাম মোস্তফা প্রমুখ।