কৃষিজমি সুরক্ষায় আইন প্রণয়ন করা হচ্ছে: গৃহায়ণমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেছেন, কৃষিজমি সুরক্ষায় আইন প্রণয়ন করা হচ্ছে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে ‘খাদ্যনিরাপত্তায় কৃষিজমি রক্ষাকল্পে পরিকল্পিত গ্রাম-নগরায়ণ ও গৃহায়ণ’ শীর্ষক জাতীয়ভিত্তিক সুপারিশ উপস্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অব বাংলাদেশ (আইডিইবি) এ সুপারিশ প্রণয়ন করেছে। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
গৃহায়ণমন্ত্রী বলেন, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আবাসন চাহিদা বাড়ছে। এ চাহিদা পূরণে কৃষিজমির ওপর চাপ বাড়ছে। শিল্পায়ন ও নগরায়ণের কারণেও কৃষিজমির পরিমাণ কমে যাচ্ছে। তাই কৃষিজমি সুরক্ষায় আইন প্রণয়ন করা হচ্ছে। কৃষিজমি রক্ষা করা না গেলে ভবিষ্যতে দেশ খাদ্যসংকটে পড়বে।
মোশাররফ হোসেন বলেন, খাদ্যচাহিদার মতো বাসস্থানও মানুষের মৌলিক চাহিদা। এ চাহিদা পূরণ করতে হলে পরিকল্পিত আবাসন গড়ে তোলার বিকল্প নেই। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ পরিকল্পিত আবাসন গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। কৃষিজমি সুরক্ষা করতে পরিকল্পিত গ্রাম গড়ে তোলা যেতে পারে। এ ক্ষেত্রেও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কাজ করার সুযোগ রয়েছে। পারিবারিক জমিতে পরিকল্পিত আবাসিক ভবন নির্মাণ করে নির্মাণ ব্যয় দীর্ঘমেয়াদি কিস্তিতে পরিশোধের ব্যবস্থা করা যেতে পারে।
আইডিইবির সুপারিশমালায় অনুর্বর জমিতে শিল্পকারখানা স্থাপন, অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা, কৃষিজমির জোনিং ম্যাপ প্রস্তুত করাসহ বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আখতার হোসেন, রাজউকের সদস্য আবদুর রহমান, আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদ, সাধারণ সম্পাদক শামসুর রহমান উপস্থিত ছিলেন।