কৃষিজমি হ্রাসের হিসাব নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, কৃষিজমিতে বাড়ি করার ফলে বছরে কী পরিমাণ কৃষিজমি হ্রাস পাচ্ছে, তার হিসাব সরকারের কাছে নেই। বর্তমানে দেশে কৃষিজমির পরিমাণ দুই কোটি পাঁচ লাখ ১২ হাজার একর।

গতকাল সোমবার সংসদে স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী এ তথ্য জানান। তিনি আরও জানান, কৃষিশুমারি অনুযায়ী ১৯৯৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত বসতভিটার ওপর জমির পরিমাণ বেড়েছে ছয় লাখ ৭৭ হাজার ২৮৭ একর।

প্রশ্ন উত্থাপনের আগে বিকেল চারটায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

দিদারুল আলমের প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, দেশে ভূমিহীন পরিবারের সংখ্যা ১৫ লাখ আট হাজার ৮৭৬টি।

পীর ফজলুর রহমানের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর প‌ক্ষে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ভারতে আটক নারায়ণগঞ্জে সাত খুনের মামলার আসামি নূর হোসেনকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

ইসলামিক স্টেটের (আইএস) হয়ে যুদ্ধ করতে অনেক উগ্রপন্থী বাংলাদেশি তরুণ বেনামে পাসপোর্ট তৈরির চেষ্টা করছে, ফরিদুল হক খানের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) পদ্ধতি চালু হওয়ায় কারও প‌ক্ষে বেনামে পাসপোর্ট গ্রহণ করা সম্ভব নয়।

মো. আয়েন উদ্দিনের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সারা দেশের মহাসড়কগুলোতে সংঘটিত দুর্ঘটনাকবলিত স্থানে তাৎক্ষণিক সেবা দেওয়ার লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কর্তৃক বার্ষিক উন্নয়ন প্রকল্পের আওতায় ‘হাইওয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন’ শীর্ষক প্রকল্প গ্রহণ করা হয়েছে। এটি চালু হলে দুর্ঘটনাকবলিত ব্যক্তিদের দ্রুত সেবা দেওয়া যাবে।

মোরশেদ আলমের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে প্রতিদিন গড়ে ১৫ হাজার এমআরপি প্রিন্ট করে গ্রাহকদের দেওয়া হচ্ছে। এটি চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৮৬ লাখ ৭৮ হাজার পাসপোর্ট ইস্যু করা হয়েছে।

মামুনুর রশীদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, কর্মপরিকল্পনা অনুযায়ী অর্থ বরাদ্দ না পাওয়ায় গত আট বছরেও ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের নির্মাণকাজ শেষ হয়নি। এ প্রকল্পে এখন পর্যন্ত ৬৩ শতাংশ কাজ শেষ হয়েছে।

এ কে এম মাইদুল ইসলামের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, দেশের বিভিন্ন জেলখানায় মোট ৫৪৯ জন বিদেশি নাগরিক বন্দী আছেন। এঁরা ভারত, মিয়ানমার, পাকিস্তান, নেপাল, পেরু, আলজেরিয়া, ক্যামেরুন, নাইজেরিয়া, তাইওয়ান, থাইল্যান্ড ও শ্রীলঙ্কার নাগরিক। এঁদের মধ্যে ৩৯৩ জনের মামলা বিচারাধীন। ৭৬ জন দণ্ডপ্রাপ্ত।