কৃষিজমিতে আবাসন, খালে রাস্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিকুটিয়া এলাকায় তিন ফসলি জমিতে মাটি ফেলে গড়ে তোলা হয়েছে সুফিনগর আবাসন নামের একটি আবাসনব্যবসা প্রকল্প। এর পর ওই আবাসনের জমি বিক্রির জন্য সরকারি খালে মাটি ফেলে ভরাট করে নির্মাণ করা হয়েছে রাস্তা। এতে চলতি বর্ষাকালে ওই খালে পানিপ্রবাহ বন্ধ রয়েছে।
রাস্তাটি ভেঙে খালের পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। ইতিমধ্যে খালের মাটি সরিয়ে ফেলতে সংশ্লিষ্ট ব্যক্তিদের লিখিতভাবে নির্দেশ দিলেও খাল ভরাটকারীরা তা মানছেন না।
স্থানীয় তিন প্রভাবশালী ব্যক্তি মোন্নাফ মোল্লা, ইব্রাহিম মুন্সী ও কাশেদ মোল্লা ওরফে খোরশেদ মোল্লা ওই আবাসনব্যবসার নামে জমি বিক্রি করছেন। ফসলি জমি ভরাটের জন্যও পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমতি নেননি তাঁরা।
মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ মুহাম্মদ নাজমুল হক বলেন, পরিবেশ সংরক্ষণ আইনে স্পষ্ট বলা আছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ব্যক্তিমালিকানা হলেও তিন ফসলি জমি ভরাট করা যাবে না। আর খাল ভরাট করার তো প্রশ্নই আসে না।
বাল্লা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, ঝিটকা এলাকায় কালীগঙ্গা নদী থেকে খালটির উৎপত্তি। বাল্লা ইউনিয়নের ঝিকুটিয়া এলাকায় একই নদীতে গিয়ে মিশেছে। ওই খালের পাড় ঘেঁষে ঝিটকা-মালুচী সড়ক। গত বছরের ডিসেম্বর মাসের শেষের দিকে ওই সড়কের দক্ষিণ পাশে ২২৭৯ এসএ খতিয়ানের ঝিকুটিয়া মৌজায় খাল ভরাট করে রাস্তা নির্মাণ করেছেন মোন্নাফ মোল্লা, ইব্রাহিম মুন্সী ও খোরশেদ মোল্লা। এর পর ওই রাস্তার দক্ষিণে এক একর ৬৬ শতক তিন ফসলি জমি মাটি ফেলে ভরাট করেন তাঁরা।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, ঝিকুটিয়া এলাকায় বিশাল খেত (চক)। সারা বছরই এসব খেতে আবাদ করা হয়। সেই খেতের মাঝখানে বিশাল এলাকাজুড়ে বালুমাটি ফেলে ভরাট করে গড়ে তোলা হয়েছে আবাসন প্লট। প্লট বিক্রির বিজ্ঞপ্তির সাইনবোর্ড লাগানো হয়েছে। আর সেখানে যাতায়াতের জন্য খালের প্রবাহ বন্ধ করে তৈরি করা হয়েছে রাস্তা।
স্থানীয় বাসিন্দা এরশাদ আলী, মো. বারেক ও স্বপন মিয়া বলেন, একসময় খালটিতে সারা বছর পানি থাকলেও এখন বছরে ছয় মাস পানি থাকে। এলাকায় কৃষিজমিতে এই খালের পানি ব্যবহার করা হয়ে থাকে। এখন ঝিকুটিয়া এলাকায় মাটি ভরাট করে রাস্তা নির্মাণ করার কারণে খালে পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে।
খোরশেদ মোল্লা জানান, ‘আমাদের জমিতে মাটি ফেলে জমি বিক্রি করছি। এতে পরিবেশ অধিদপ্তরের অনুমতি লাগবে কেন?’ ইব্রাহিম মুন্সী বলেন, খালটি এখন তেমন কোনো কাজে আসে না। এ কারণে তা ভরাট করে রাস্তা নির্মাণ করা হয়েছে। প্রয়োজন হলে মাটি কেটে খাল উন্মুক্ত করা হবে। একাধিকবার চেষ্টা করেও মোন্নাফ মোল্লার মুঠোফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য নেওয়া যায়নি।
হরিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন আরা বলেন, সরকারি ওই খালটিতে অবৈধভাবে মাটি ফেলে ভরাট করে রাস্তা নির্মাণ করা হয়েছে। এতে খালে পানিপ্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে জনস্বার্থ ক্ষুণ্ন করা হচ্ছে।
সহকারী কমিশনার আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে ভরাট করা অংশের মাটি সরিয়ে পানি চলাচলের ব্যবস্থা করার জন্য ভরাটকারীদের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় স্থানীয় প্রশাসনের মাধ্যমে রাস্তা ভেঙে ফেলা হবে। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে।