কৃষিজমিতে আবাসন প্রকল্প!
চট্টগ্রামের আনোয়ারায় তিন ফসলি কৃষিজমিতে ‘বসুমতি আনোয়ারা সিটি’ নামে আবাসন প্রকল্প গড়ে তুলছে একটি আবাসন প্রতিষ্ঠান। এ জন্য কৃষি দপ্তর কিংবা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কোনো অনুমতি নেওয়া হয়নি।
গত সেপ্টেম্বরে উপজেলা প্রশাসন ওই প্রকল্পের কার্যালয় সিলগালা করে দিয়ে কার্যক্রম বন্ধ করে দেয়। দুই মাসের ব্যবধানে উপজেলা প্রশাসন প্রকল্পটির কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে। হিরাঝিল প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের এই আবাসন প্রকল্প নিয়ে এলাকায় জনরোষ দেখা দেওয়ার পর সেটি বন্ধ করা হয়েছিল।
জানা গেছে, আগের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদ বদলি হয়ে যাওয়ার পর আবার প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। নতুন ইউএনও শেখ ফরিদ আহম্মদ প্রথম আলোকে বলেন, সিলগালা করার প্রক্রিয়া বৈধ ছিল না। তিনি বলেন, ‘আমার আগের ইউএনও তাদের কাজ বন্ধ করেছিলেন। কিন্তু ওই সংক্রান্ত কোনো কাগজপত্র আমি পাইনি। আর তাদের কার্যক্রম না চালানোর কোনো কারণও আমি দেখি না। তাদের কাছে বাণিজ্য মন্ত্রণালয়ের রিয়েল এস্টেট ব্যবসা করার অনুমতি আছে। তবে তারা এখনো কৃষিজমি আবাসনের কাজে ব্যবহারের অনুমতি পায়নি। যত দিন পাবে না, তত দিন তাদের বিজ্ঞাপন বন্ধ রাখতে বলেছি।’
জানা গেছে, প্রকল্পটির প্রস্তাবিত আয়তন ৭০০ একর। কিন্তু এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির কেনা জমির পরিমাণ মাত্র সাত একর। প্রতিষ্ঠানটি নতুন করে আরও জমি কেনার চেষ্টা করছে।
সরেজমিনে দেখা যায়, আনোয়ারার বারখাইন ইউনিয়নের মাজার গেট এলাকায় আনোয়ারা বাঁশখালী পিএবি সড়কের পাশে কৃষিজমিতে এই প্রকল্প গড়ে উঠছে। এসব জমিতে এখনো আউশ, আমন ও বোরো ধান চাষ হচ্ছে। জমিতে ‘বসুমতি আনোয়ারা সিটি’ আবাসন প্রকল্প নামে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে শেখ ফরিদ আহম্মদ বলেন, ‘এটা তাঁদের কেনা জমি। তবু এটা অন্যায় হয়েছে। কারণ এটাও বিজ্ঞাপন।’
আনোয়ারার আগের ইউএনও ফারুক আহমেদ বলেন, ‘বৈধভাবেই তাদের কার্যক্রম বন্ধ করা হয়েছিল। তারা আশপাশের জমি কিনে অনেক কৃষককে জমি বিক্রি করতে বাধ্য করছিল। এ নিয়ে এলাকায় বিক্ষোভ হচ্ছিল। তা ছাড়া তাদের কোনো অনুমোদন ছিল না। তাই বন্ধ করা হয়েছিল। এখন কীভাবে এটি চালু হয়েছে তা আমি জানি না।’
ওই এলাকায় প্রকল্পের একটি কার্যালয় রয়েছে। নিষেধাজ্ঞার পর নতুন করে চালু হওয়ার পর কার্যালয়টিতে সার্বক্ষণিকভাবে ১০-১৫ জন যুবককে আড্ডা দিতে দেখা যায়। কার্যালয়ে গিয়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির সঙ্গে কথা বলতে চাইলে রহিম নামে এক ব্যক্তি বের হয়ে আসেন। তিনি বলেন, ‘আমাকে বলেন। আমি কোনো পদে নাই।’ পরে আবু নাসের নামে একজন বিক্রয় কর্মকর্তা বলেন, ‘আমাদের এখন পর্যন্ত সাত একর জমি কেনা হয়েছে। কিছু প্লট বিক্রি হয়েছিল। তার মধ্যে অনেকে আবার টাকা নিয়ে গেছেন।’
অনুসন্ধানে জানা যায়, আগে যাঁরা বসুমতি সিটি বন্ধের জন্য আন্দোলন করেছিলেন এখন তাঁরা মুখ বন্ধ রেখেছেন। ভয়ে স্থানীয় কৃষকেরাও মুখ খুলছেন না। স্থানীয় একাধিক কৃষকের অভিযোগ, আশপাশের জমি কেনার পর প্রতিষ্ঠানটি এখন তাদের জমি বিক্রি করতে বাধ্য করছে।
এরই মধ্যে ৭০০ একরের আবাসন প্রকল্পের নামে বিজ্ঞাপন দিয়ে প্লট বিক্রি শুরু করেছে হিরাঝিল প্রপার্টিজ। এ জন্য কৃষিজমিতে আবাসন করার বিষয়ে জেলা প্রশাসন কিংবা কৃষি দপ্তরের কোনো অনুমোদন নেয়নি তারা।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) উপপ্রধান নগর পরিকল্পনাবিদ শাহীনুল ইসলাম খান বলেন, ‘মূল আনোয়ারা এবং আশপাশের এলাকা অবশ্যই সিডিএর আওতাভুক্ত। মূল সড়কের পাশে কৃষিজমিতে আবাসন প্রতিষ্ঠান করার জন্য কেউ আমাদের কাছ থেকে অনুমতি নেয়নি।’
উপজেলা কৃষি কর্মকর্তা একরাম উদ্দিন বলেন, ‘আইনে আছে কৃষিজমি অকৃষি জমিতে রূপান্তরের জন্য অনুমতি নিতে হবে। কিন্তু আনোয়ারা বসুমতি সিটির কেউ এজন্য আমার কাছে আসেনি।’
হিরাঝিল প্রপার্টি লিমিটেডের মহাব্যবস্থাপক মো. দিদারুল আলম বলেন, ‘আমরা এখনো সিডিএর অনুমোদনসহ বিভিন্ন অনুমোদন পাইনি। পাওয়ার পর জোরেসোরে কার্যক্রম শুরু করব। এখন কেবল সাইনবোর্ড দিয়ে রেখেছি।’ জমি বিক্রি করতে কৃষকদের বাধ্য করার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, তাঁরা বাজারদরের চেয়ে অনেক বেশি দামে জমি কিনছেন।