কৃষিজমিতে আবাসন প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন
কৃষিজমিতে আবাসন প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত বাতিলের দাবিতে রাজশাহী সিটি করপোরেশনের বিরুদ্ধে নগরের ছোট বনগ্রাম, মুশরইল ও মেহেরচণ্ডী এলাকার কৃষকেরা গতকাল বুধবার মানববন্ধন করেছেন। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত নগরের জিরো পয়েন্ট এলাকায় পাঁচ শতাধিক কৃষক এই কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধন চলাকালে ‘মুশরইল-মেহেরচণ্ডী মৌজা ভূমি রক্ষা কামটি’র আহ্বায়ক আসলাম উদ্দিন, উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ ও যুগ্ম সম্পাদক এস এম ওমর ফারুক বক্তৃতা করেন। বক্তারা বলেন, রাজশাহী সিটি করপোরেশন নগরের ছোট বনগ্রাম, মুশরইল ও মেহেরচণ্ডী এলাকার ১৩৬ একর আবাদি জমি অধিগ্রহণ করে সম্প্রতি আবাসন প্রকল্প তৈরির সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য ব্যয় ধরা হয়েছে ৩৫০ কোটি টাকা। এগুলো তিন ফসলি জমি। এখানে আবাসন প্রকল্প তৈরি হলে এর সঙ্গে আরও শত শত একর ফসলি জমি অনাবাদি হয়ে পড়বে। আর এতে এলাকার শত শত কৃষক পরিবারের হাজার হাজার সদস্যকে না খেয়ে মরতে হবে। রাজশাহী সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফুল হক বলেন, রাজশাহী সিটি করপোরেশন দুটি আদর্শ আবাসিক এলাকা গড়ার জন্য এই প্রকল্প হাতে নিয়েছে। এতে খেলার মাঠ, হ্রদ, গ্যাসলাইন ও অন্যান্য নাগরিক সুবিধা থাকবে। এই প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে যারা ক্ষতিগ্রস্ত হবে, সিটি করপোরেশন তাদের প্লটসহ ক্ষতিপূরণ দেবে।