কৃষিজমিতে আর ইটের ভাটা বা স্থাপনা করা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিজমিতে আর ইটের ভাটা বা অন্য কোনো স্থাপনা করা যাবে না। ভূমি মন্ত্রণালয় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।ভূমি মন্ত্রণালয়ে গতকাল রোববার এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় কৃষিজমি সুরক্ষা ও ভূমি ব্যবহারের বিষয়ে একটি আইনের খসড়া নিয়েও আলোচনা হয়।সূত্র জানায়, সভায় নীতিগত সিদ্ধান্ত হয়, জমি একফসলি বা একাধিক ফসলি—যে ধরনেরই হোক, তা কৃষিজমি হিসেবেই ব্যবহার করতে হবে। খাস কৃষিজমিও কৃষিকাজ ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না।এ বিষয়ে ভূমিসচিব মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, ‘কৃষিজমিতে যাতে কোনোভাবেই ইটের ভাটা না করা হয়, সে ব্যাপারে আমরা উদ্যোগ নিয়েছি। এ ছাড়া কৃষিজমি যাতে অন্য খাতে ব্যবহূত না হয়, সে জন্য আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।’ তিনি বলেন, বিভিন্ন স্থানে যেভাবে ইটের ভাটা গড়ে উঠছে, তা আইন প্রণয়ন করে শাস্তির ব্যবস্থা করা ছাড়া বন্ধ করা অসম্ভব।সভার বিষয়ে সচিব বলেন, সভায় কৃষিজমি সুরক্ষা ও ভূমি ব্যবহার আইনের একটি খসড়া উপস্থাপন করা হয়েছে। সভায় আলোচনা হয়, শিল্প ও বসবাসের জন্য স্থাপনা ঊর্ধ্বমুখী ও বহুতল ভবন নির্মাণ করতে হবে। এতে জমি নষ্ট হবে কম। নিয়ম ভঙ্গ করে স্থাপনা নির্মাণ করলে কারাদণ্ড, অর্থদণ্ড, এমনকি উভয় দণ্ডে দণ্ডিত করার বিধানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।সূত্র জানায়, সভায় বলা হয়, এই আইনের মাধ্যমে দেশের যেকোনো স্থানের কৃষিজমি সুরক্ষা করা হবে এবং কোনোভাবেই তার ব্যবহারে পরিবর্তন আনা যাবে না। যেকোনো শিল্পকারখানা, সরকারি-বেসরকারি অফিস ভবন, বাসস্থান এবং অন্যান্য স্থাপনা নির্মাণের ক্ষেত্রে ভূমির ঊর্ধ্বমুখী ব্যবহারকে গুরুত্ব দেওয়া হবে এবং এ জন্য প্রয়োজনীয় নির্দেশনা থাকবে। কোনো অবস্থাতেই উর্বর দুই বা তিনফসলি জমিতে কোনো স্থাপনা নির্মাণের অনুমতি দেওয়া হবে না। সভায় আরও বলা হয়, নদী, খাল, হাওর, বাঁওড়, বিলসহ যেকোনো ধরনের সায়রাতমহাল বা জলাভূমির শ্রেণী পরিবর্তন করা যাবে না। ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান এ বিষয়ে জানান, নতুন আইনে অপরাধের বিচার হবে বিচারিক হাকিম আদালতে। তবে জরুরি প্রয়োজনে নির্বাহী হাকিম আইন মোতাবেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। এ বিষয়ে জনসাধারণের কোনো অভিযোগ থাকলে তা সরাসরি অভিযোগ বা মামলা হিসেবে দায়ের করা যাবে।