কৃষিজমিতে ইটভাটা, ছাড়পত্র দিল পরিবেশ অধিদপ্তর!
ইট পোড়ানোর আইন, ৯৫ অনুযায়ী কৃষিজমিতে ইটভাটা করা যাবে না। এ আইন লঙ্ঘন করে কৃষিজমিতেই ইটভাটা করার অনুমতি দিয়েছে পরিবেশ রক্ষার দায়িত্বে থাকা সরকারি প্রতিষ্ঠান পরিবেশ অধিদপ্তর। ঘটনাটি ঘটেছে বরিশালের সদর উপজেলায়।স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের আগস্ট মাসে পরিবেশ অধিদপ্তর বরিশাল কার্যালয় মেসার্স ইনা ব্রিকস নামের ওই ইটভাটাকে ছাড়পত্র দেয়। ছাড়পত্র পেয়ে চরবাড়িয়া ইউনিয়নে সাড়ে সাত একর খাস কৃষিজমিতে ইটভাটা করেন ইনা ব্রিকসের মালিক মো. ইউনুস মিয়া। ওই জমিতে ভাটা করার জন্য উপজেলা ভূমি কার্যালয় থেকে অনুমতিও নেননি তিনি।কৃষকদের অভিযোগ, মো. ইউনুস কৃষকের নামে বন্দোবস্ত দেওয়া উত্তর লামছড়ি মৌজার সাড়ে সাত একর জমি কিনে দখল করেছেন ১৫ একরের বেশি।বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) রাজা মিয়া বলেন, ‘কৃষি খাসজমিতে ইটভাটা করার নিয়ম নেই। চরবাড়িয়ায় আমাদের ১০১ একর কৃষি খাসজমি রয়েছে। ওই জমি শুধু কৃষিকাজেই ব্যবহূত হবে। তা ছাড়া বন্দোবস্ত দেওয়া জমি অন্য কারও কাছে হস্তান্তর করা হলে যাঁদের নামে বন্দোবস্ত দেওয়া আছে, আমরা তাঁদের বন্দোবস্ত বাতিল করব।’পরিবেশ অধিদপ্তর বরিশাল কার্যালয় সূত্রে জানা গেছে, ব্যক্তি-মালিকানাধীন কৃষিজমিতেই ইটভাটা করার অনুমতি দেওয়া হয় না। তার ওপর খাস কৃষিজমিতে অনুমতি দেওয়ার কোনো সুযোগ নেই। ওই কার্যালয়ের উপপরিচালক খন্দকার মো. ফজলুল হক বলেন, তিনি এখানে কয়েক মাস আগে যোগ দিয়েছেন। গত বছরের আগস্ট মাসে এক বছরের জন্য সাবেক উপপরিচালক কায়সার আহমেদ ইনা ব্রিকসকে ছাড়পত্র দিয়েছিলেন। কায়সার আহমেদ কীভাবে ছাড়পত্র দিয়েছেন, তা তিনি জানেন না। ওই ছাড়পত্রের মেয়াদও এ বছরের আগস্টে শেষ হয়ে গেছে। কৃষিজমিতে ইটভাটা না করার জন্য কৃষি মন্ত্রণালয় থেকে একটি পরিপত্রও জারি করা হয়েছে। এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।ইনা ব্রিকসের মালিক মো. ইউনুস বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে এবং খাসজমি বন্দোবস্ত নেওয়া কার্ডধারীদের কাছ থেকে জমি কিনে আমি ইটভাটা করেছি। ওটি মূলত অনাবাদি জমি ছিল, আমি বালু দিয়ে ভরাট করেছি। তা ছাড়া ইট তৈরির জন্য পার্শ্ববর্তী লোকদের কাছ থেকে খাসজমির মাটি কিনে স্তূপ করেছি।’সরেজমিনে গিয়ে দেখা গেছে, চরবাড়িয়া ইউনিয়নের শায়েস্তাবাদ ও চরবাড়িয়ার মধ্যবর্তী সরকারি কৃষিজমির ওপর গড়ে তোলা হয়েছে ইটের ভাটা। এ ইটভাটার জন্য আশপাশের জমির উপরিভাগের মাটি কেটে স্তূপ করা হয়েছে ইটভাটায়। একই সঙ্গে কাঠ পোড়ানোর নিয়ম না থাকলেও ইট পুড়তে ভাটায় গাছ চেরাইয়ের জন্য করাত কল স্থাপন করা হয়েছে। এক পাশে স্তূপ করা রয়েছে কাঠ। চরবাড়িয়ার লামছড়ি গ্রামের শাহ আলম হাওলাদার বলেন, ইটভাটার জন্য যে জায়গা গেছে, তার চেয়ে বেশি গেছে পাশের জমি। যেখান থেকে মাটি কেটে ভাটায় স্তূপ করা হয়েছে। একই এলাকার কৃষক মো. হারুন সিকদার বলেন, খাসজমিতে ভাটা করার পর এখন পাশের জমি দখলের চেষ্টা চলছে। পাশের জমি থেকে মাটি কেটে পুকুর তৈরি করা হয়েছে।ইনা ব্রিকসের অংশীদার মো. মোজাম্মেল সিকদার বলেন, কার্ডের জমি কিনে ইটভাটা করা হয়েছে। সরকারি কার্ডের জমি বিক্রি করা যায় কি না জানতে চাইলে তিনি বলেন, বরাদ্দ দেওয়া কার্ডের জমি বিক্রি করা যায়। সেভাবেই কার্ডধারীরা বিক্রি করেছেন। সাড়ে সাত একরের বাইরের জমি থেকে অর্থের বিনিময়ে মাটি ক্রয় করা হয়েছে। এলাকাবাসী তাঁদের কাছে মাটি বিক্রি করেছে।