কৃষিজমিতে ইটভাটা নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় কৃষিজমিতে একটি ইটভাটা নির্মাণ করছেন প্রভাবশালী ব্যক্তিরা। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অনুমতি না নিয়েই এই ইটভাটা নির্মাণ করা হচ্ছে। এলাকাবাসী কৃষিজমিতে ইটভাটা নির্মাণে আপত্তি তোলায় তাঁদের ‘দেখে নেওয়ার’ হুমকি দেওয়া হচ্ছে। এ ব্যাপারে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।লিখিত অভিযোগ থেকে জানা যায়, উপজেলার সীমান্তবর্তী ফরদাবাদ ইউনিয়নের পূর্বহাটি গ্রামের প্রভাবশালী কয়েকজন মিলে তিন ফসলি জমিতে এক মাস আগে ইটভাটা (সিফাত ব্রিকস) নির্মাণ শুরু করেন। কৃষিজমিতে ইটভাটা নির্মাণ করা হলে ওই এলাকার কৃষিজমিসহ বাড়িঘরে এর বিরূপ প্রভাব পড়বে বলে আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের। এসব বিষয় বিবেচনা করে এলাকাবাসী সেখানে ইটভাটা নির্মাণ করতে বাধা দেন। এ পর্যায় তাঁদের দেখে নেওয়ার হুমকি দেন ইটভাটা নির্মাণকারীরা।সরেজমিনে দেখা যায়, বাঞ্ছারামপুর-মুরাদনগর সড়কের একেবারে পাশ ঘেঁষে কৃষিজমিতে ইটভাটা নির্মাণ করা হচ্ছে। এ কাজে নিয়োজিত রয়েছেন ২৫-২৬ জন শ্রমিক। ভাটায় ইট পোড়ানো চুলার নির্মাণকাজ শেষের দিকে রয়েছে। অন্যান্য কাজও দ্রুতগতিতে এগিয়ে চলেছে। আলতাফ হোসেন নামের একজন শ্রমিক বলেন, ‘২৮ দিন ধইরা কাজ করতাছি, আর কয়েক দিন করলেই চুলা তৈরির কাজ শেষ হবে। চুলা বানানো শেষ হলে চিমনি বানানোর কাজ শুরু হবে।’ইটভাটা নির্মাণকারীদের একজন মো. সুজন মিয়া। তিনি জানান, তাঁরা পাঁচজন মিলে এটি নির্মাণ করছেন। তিনি দাবি করেন, যে জমিতে ইটভাটা বানানো হচ্ছে, সেখানে কোনো ফসল হয় না। আর ইট তৈরির মাটি তাঁরা তাঁদের নিজেদের কৃষিজমি থেকে এনেছেন। তাঁরা ইটভাটার জন্য ২৫ বিঘা জমি ১০ বছরের জন্য ইজারা নিয়েছেন বলেও জানান তিনি।ইটভাটার জন্য জেলা প্রশাসনের অনুমতি নেওয়া হয়নি স্বীকার করলেন ইটভাটার আরেক অংশীদার সোহেল বেগ। তিনি বলেন, ‘আমরা ওই ইটভাটার জন্য চট্টগ্রাম থেকে পরিবেশ অধিদপ্তরের অনুমতি নিয়ে এসেছি। সেই অনুমোদন জেলায় দিলেই চূড়ান্ত অনুমতি পাওয়া যাবে।’ অনুমতির কাগজ দেখাতে পারবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী রোববার তিনি কাগজ দেখাবেন। তবে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মো. রাজ্জাক বলেন, ‘সাফাত ব্রিকস’ নামের একটি ইটভাটার নথি জমা রয়েছে। এখনো অনুমতি দেওয়া হয়নি। তিনি বলেন, ‘কৃষিজমিতে ইটভাটা নির্মাণের অভিযোগ থাকলে আমরা ব্যবস্থা নেব।’বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী জানান, কৃষিজমিতে ইটভাটা নির্মাণ করা হচ্ছে বলে এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পাওয়ার পর তিনি তদন্ত করতে উপজেলা বন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছেন। সত্যতা পেলে তিনি ব্যবস্থা নেবেন। উপজেলা বন কর্মকর্তা মো. আবুল কাসেম বলেন, ‘তদন্তের দায়িত্ব পেলেও নানা কাজে ব্যস্ত থাকায় আমি ঘটনাস্থলে যেতে পারিনি।’