কৃষিজমিতে ইটভাটা নির্মাণ চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ২৭টি ইটভাটা থাকার পরও কৃষিজমিতে আরও ছয়টি ইটভাটা নির্মাণ করা হয়েছে। এসব ইটভাটার চারপাশে রয়েছে বিস্তীর্ণ ধানখেত। এরই মধ্যে পাঁচটি নতুন ইটভাটায় ইট পোড়ানোও শুরু হয়ে গেছে। ইটভাটার ধোঁয়ায় কালো হয়ে উঠছে চারদিক।
এলাকাবাসী ও উপজেলা ইটভাটা মালিক সমিতি সূত্রে জানা যায়, উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে চান্দাইকোনা ইউনিয়নে আছে সর্বোচ্চ আটটি ইটভাটা। এ ছাড়া সোনাখাড়া ইউনিয়নে ছয়টি, ধানগড়ায় পাঁচটি, পাঙ্গাসীতে তিনটি, ব্রহ্মগাছা ও ঘুড়কায় দুটি করে এবং ধুবিল ইউনিয়নে একটি ইটভাটা রয়েছে। প্রতিবছরই ইটের ব্যবহার ও দাম বাড়ায় বাড়ছে ইটভাটার সংখ্যা। এরই ধারাবাহিকতায় এ বছরেও নতুন ছয়টি ইটভাটা নির্মাণ করা হয় উপজেলার বিভিন্ন জায়গায়। তিনটি নতুন ইটভাটা হয়েছে সোনাখাড়া ইউনিয়নে। আর চান্দাইকোনা, ব্রহ্মগাছা ও ঘুড়কা ইউনিয়নে হয়েছে একটি করে।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী কৃষিজমি, আবাসিক এলাকা, সরকারি বা ব্যক্তিগত বন, অভয়ারণ্য, বাগান বা জলাভূমিতে ইটভাটা করা যাবে না।
ইটভাটা গড়ে ওঠার ব্যাপারে বেসরকারি উন্নয়ন সংস্থা নিজেরা করির প্রকল্প সংগঠক কামরুল হাসান বলেন, ফসলি জমিগুলো দিনে দিনে ইটভাটায় পরিণত হচ্ছে। অথচ যাঁদের দেখার কথা তাঁরা কেউ এসব দেখছেন না।
চাঁদপুর এলাকার ১০ জন কৃষক বলেন, দেখতে দেখতে চারপাশ ইটভাটায় ভরে গেল। ভাটার চিমনির ধোঁয়া, বালু, কয়লার গুঁড়া ও ছাই উড়িয়ে আশপাশের ফসল, বাগান ও গাছপালার ক্ষতি হলেও কেউ এসব দেখে না। অথচ এ বিষয়ে নাকি আইনও আছে।
উপজেলার সোনাখাড়া ইউনিয়নের উটরা হাজিপুর এলাকায় জহির ব্রিকস ফিল্ডের পাশেই আরেকটি নতুন ইটভাটা করা হয়েছে। এখানে কর্মরত দুজন শ্রমিক বলেন, ফসলি জমি ছাড়া ইটভাটা করার জায়গা কোথায় পাওয়া যাবে। উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের চাঁদপুর গ্রামে আরএসবি নামে একটি নতুন ইটভাটা হয়েছে। বর্তমানে সেখানে ইট পোড়ানো হচ্ছে। এখানে কর্মরত দুজন শ্রমিক বলেন, ফসলি জমিতে ইটভাটা নির্মাণ করে ওই জমির মাটি দিয়েই ইট তৈরি করা হয়। দুই কাজেই ফসলি জমির দরকার বলে তাঁরা জানান। উপজেলার ভূঁইয়াগাঁতী-নিমগাছী সড়কের পাশে শ্যামনাই এলাকাতেই তিনটি নতুন ইটভাটা হয়েছে। এর একটির মালিক শহিদুল ইসলাম বলেন, ইটের চাহিদা বাড়ায় আরও ভাটা নির্মাণ করা হচ্ছে।
উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ও কেয়া ব্রিকসের মালিক আবদুল কাদের তালুকদার বলেন, উপজেলায় পুরোনো ২৭টি ইটভাটার মধ্যে ১৪টি নিয়ে তাঁদের সমিতি। বাকি ভাটার মালিকেরা সিরাজগঞ্জ জেলা কমিটির সঙ্গে যুক্ত।
পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক এ কে এম মাসুদুজ্জামান মুঠোফোনে বলেন, ফসলি জমিতে ইটভাটা করার কোনো ছাড়পত্র দেওয়া হয় না।
রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হক মণ্ডল বলেন, কৃষিজমিতে ইটভাটা করার পক্ষে প্রত্যয়নপত্র দেওয়ার কোনো সুযোগ নেই। কয়েকজন ইটভাটার মালিক প্রত্যয়নপত্র নেওয়ার জন্য আবেদন করলেও কাউকেও এটা দেওয়া হয়নি।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল আখতার বলেন, এ বিষয়ে খোঁজ নেওয়া হবে।