কৃষিজমিতে চলছে ইটভাটা নির্মাণ

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রাজোর গ্রামে কৃষিজমিতে ইটভাটা নির্মাণ করা হচ্ছে। যেখানে ইটভাটা নির্মাণ করা হচ্ছে, তার চারপাশ সবুজে ঘেরা, ফসলি জমি। ওই জায়গায় ইটভাটা হলে ধোঁয়ায় জমির ফসল, ফলের বাগান, গাছপালা ক্ষতিগ্রস্ত এবং পরিবেশ দূষিত হবে বলে আশঙ্কা করছেন স্থানীয় ব্যক্তিরা।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, গত আগস্ট মাসের শুরুর দিকে ইটভাটা নির্মাণের উদ্যোগ নেন মো. হাসান আলী নামের এক ব্যবসায়ী।
১১ সেপ্টেম্বর রাজোর গ্রামে গিয়ে দেখা যায়, কৃষিজমিতে ইটভাটা নির্মাণ করছেন ১০ থেকে ১২ জন শ্রমিক। চিমনির কাজ শেষ হয়েছে। চলছে চুল্লির নির্মাণকাজ। নির্মাণাধীন ওই ইটভাটার পশ্চিমে কাতিহারহাট-নেকমরদ সড়ক। সেখানে ভাটার প্রবেশদ্বার করা হয়েছে। ভাটাটির নাম দেওয়া হয়েছে ‘আরবিবি ব্রিকস’। কয়েক দিনের মধ্যেই চালু হবে বলে জানান শ্রমিকেরা। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী, কৃষিজমি, সরকারি বা ব্যক্তিমালিকানাধীন বন, অভয়ারণ্য, বাগান ও জলাভূমি এলাকায় ইটভাটা স্থাপন দণ্ডনীয় অপরাধ।
স্থানীয় চাষি পুলিন চন্দ্র বলেন, ‘শুনেছি, আবাদি জমিতে ইটভাটা নির্মাণ বেআইনি। তাহলে এ ইটভাটা কীভাবে হচ্ছে?’ গ্রামের আরেক চাষি রমেন চন্দ্র বলেন, পাশের গ্রামের জমিতে ধান, ডাল, ভুট্টা চাষ হতো। সেই জমিতে ইটভাটা স্থাপনের পর এখন তা পুকুর হয়ে গেছে। এখানে ভাটা স্থাপন হলে আশপাশের জমিতে আর ফসল চাষ করা যাবে কি না, এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন কৃষক বলেন, ‘যাঁরা ইটভাটা দিচ্ছেন তাঁরা প্রভাবশালী। এ কারণে কিছু বলা যাচ্ছে না। যে জমিতে ভাটা হচ্ছে, তার পাশের জমিতে নানা রকম ফসল চাষ করা হয়। এ ছাড়া পাশে ফলের বাগান রয়েছে। ওই মাঠে ভাটা হলে কয়লার গুঁড়া, চিমনির ধোঁয়া, বালু ও ছাইয়ের কারণে জমির ফসলের ক্ষতি হতে পারে।’
রানীশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাজেদুর রহমান বলেন, কৃষিজমিতে ভাটা স্থাপনের অনুমতি দেওয়ার কোনো সুযোগ নেই। পরিবেশ অধিদপ্তর রংপুর কার্যালয় সূত্র জানায়, নীতিমালা অনুযায়ী নতুন ইটভাটা স্থাপনের জন্য পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে প্রয়োজনীয় শর্তপূরণ সাপেক্ষে পরিবেশগত ছাড়পত্র নিতে হয়। এই ছাড়পত্র পাওয়ার পর আরও কিছু বিধিনিষেধ ও শর্তপূরণ সাপেক্ষে জেলা প্রশাসক অনুমোদন (লাইসেন্স) দেন।
পরিবেশ অধিদপ্তরের রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান বলেন, ‘ফসলি জমিতে ইটভাটা নির্মাণ করা যাবে না। করলে তা হবে অবৈধ।’
ইটভাটার মালিক মো. হাসান আলী বলেন, ‘যে জমিতে ভাটা তৈরি করা হচ্ছে, তা আমারই।’ ভাটা স্থাপনের প্রক্রিয়া মেনে এই ইটভাটা স্থাপন করা হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগে ভাটা নির্মাণের কাজ শেষ হোক, পরে ইট পোড়ানোর অনুমতি নিয়ে নেব।’ এ বিষয়ে রানীশংকৈলের ইউএনও খন্দকার মো. নাহিদ হাসান বলেন, ‘নতুন ইটভাটা স্থাপনের বিষয়ে আমি কিছু জানি না। পরিবেশগত ছাড়পত্র ও লাইসেন্স ছাড়া কেউ ইটভাটা স্থাপন করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’