কৃষিজমিতে ফের পুকুর!
রাজশাহীর বাগমারায় স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা আবারও মন্ত্রণালয়ের নির্দেশ উপেক্ষা করে কৃষিজমিতে পুকুর খনন শুরু করেছেন। মন্ত্রণালয়ের নির্দেশে এলাকায় কিছুদিন পুকুর খনন বন্ধ ছিল। কৃষিজমিতে এ রকম অবৈধভাবে পুকুর খনন বন্ধ করতে প্রশাসন থেকে কমিটিও গঠন করা হয়েছে। অথচ তাদের কোনো তৎপরতাই দেখা যায়নি এলাকায়।
সরেজমিনে গত বুধবার উপজেলার বাসুপাড়ার বালানগর, মাথাভাঙা, রামরামা, গোয়ালকান্দি, বালানগর, নন্দনপুর-সগুনা, তক্তপাড়া ও সতিবিলে কৃষিজমিতে পুকুর খনন করতে দেখা যায়। এর আগে কৃষিজমিতে পুকুর খননের বিষয়ে প্রথম আলোয় সংবাদ প্রকাশের পর প্রশাসনের পক্ষে এ তৎপরতার বিরুদ্ধে অভিযান চালানো হয়। এতে তখন পুকুর খনন বন্ধ হয়ে যায়। তবে বোরো ধান কাটা শেষ হতেই প্রভাবশালীরা আবার ওই জমিতে পুকুর খনন শুরু করেছেন। এর মধ্যে গত মাস খানেকের মধ্যে ৪০০ বিঘা জমিতে ১২টি পুকুর খননের কাজ শুরু হয়েছে। এসব খননকাজ এখনো চলছে।
খোঁজ নিয়ে জানা যায়, এসব জমিতে বোরো, আউশ ও রবিশস্য চাষ হয়ে আসছিল। এ জমির প্রকৃতি পরিবর্তন করা যাবে না বলে মন্ত্রণালয়ের নির্দেশ রয়েছে। গত বছরের ১১ জুন ভূমি মন্ত্রণালয় এ নির্দেশ দেয়।
বাজে গোয়ালকান্দি গ্রামের আলাউদ্দিন ও একাবব্বর আলী অভিযোগ করেন, স্থানীয় প্রভাবশালী হাবিবুর রহমান, মাহাবুবুর রহমান, বিলজসাই বিলে প্রায় ১০০ বিঘা জমিতে পুকুর খনন করছেন। এই বিষয়ে তাঁরা বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিলেও কোনো ফল পাননি।
এদিকে পুকুর খননকারী মাহাবুবুর রহমান প্রশাসনের অনুমতি ছাড়া খননকাজ চালানোর অভিযোগ স্বীকার করলেও জমি দখলের অভিযোগ অস্বীকার করেছেন।
সতি বিলের মৎস্যজীবী সমিতির সভাপতি অমুল্য কুমার অভিযোগ করেন, বিলটিতে সরকারি জমি দখল করে দেদার পুকুর খনন চলছে। তিনি উপজেলা প্রশাসনকে মৌখিক অভিযোগ করেছেন। কিন্তু প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি আমলে নেননি।
উপজেলার নন্দনপুরে মাথাভাঙা খালের মুখ বন্ধ করে পুকুর খনন করছেন আবদুল জব্বার নামের একজন। এর আগে প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এখানকার খননকাজ বন্ধ করে দিয়েছিল।
এদিকে পুকুর খনন বন্ধে গত ২৩ ফেব্রুয়ারি উপজেলা প্রশাসন একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে। স্থানীয় সাংসদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যানকে উপদেষ্টা, সহকারী কমিশনারকে (ভূমি) আহ্বায়ক, থানার ওসি সদস্যসচিব এবং মৎস্য, কৃষি ও বরেন্দ্র প্রকৌশলীকে সদস্য করা হয়েছে বলে বাগমারার ইউএনও নাছরিন আক্তার জানিয়েছেন। ইউএনও গত বুধবার বলেন, তিনি অভিযোগ পেয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য সহকারী কমিশনারকে (ভূমি) বলা হয়েছে। যেসব স্থানে কৃষিজমিতে পুকুর খনন হচ্ছে, সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।