বরিশালসহ দক্ষিণাঞ্চলে প্রতিবছরই উত্তাপ বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে সমুদ্রের উচ্চতা। ফলে মিঠা পানির এলাকা লবণাক্ত হয়ে পড়ছে। এর প্রভাব পড়ছে কৃষিজমি এবং মৎস্যসম্পদের ওপর। অনিয়মিত বৃষ্টিপাত এবং অতি তাপমাত্রায় পানির প্রবাহ কমে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন গবেষকেরা।
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বরিশাল ও পটুয়াখালী কার্যালয় থেকে জানা যায়, ১৯৭৩ সাল থেকে কয়েক দফায় লবণাক্ততার প্রভাব নির্ণয়ে গবেষণা করা হয়। এসব গবেষণায় দক্ষিণাঞ্চলের পানি এবং কৃষি জমিতে লবণের পরিমাণ বেশি পাওয়া গেছে।
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের ২০১৩ সালের গবেষণায় দেখা গেছে, বরিশাল বিভাগের ৭ লাখ ৪১ হাজার ৩১০ হেক্টর কৃষি জমির মধ্যে ৩ লাখ ৯৪ হাজার ১৮০ হেক্টর জমি অতি লবণাক্ততার মধ্যে রয়েছে। এসব জমিতে লবণের পরিমাণ সময়-বিশেষে ১৬ থেকে ২৮ দশমিক ৫ ডেসিসিমেন (প্রতি মিটার পানিতে লবণের পরিমাণ)। ধান চাষে লবণ সহনশীলতার মাত্রা ৪ দশমিক ১ থেকে ৮ ডিএস/এম পর্যন্ত। এ ছাড়া বোরো এবং সবজি চাষে লবণ-সহনশীলতার মাত্রা দশমিক ৭৫ থেকে ১ পর্যন্ত।
চলতি বছর এপ্রিল-মে মাসের হিসাব অনুযায়ী লবণাক্ততার মাত্রা পিরোজপুরের মঠবাড়িয়ার সাপলেজা খালে ৪ দশমিক ২৫, জিয়ানগরে ৪ দশমিক ১৫, বলেশ্বর নদে ৩ দশমিক ৩৫, নাজিরপুরে ৩ দশমিক ৭০, ভোলার চরফ্যাশন এলাকায় ১৮ দশমিক ৭৫, বরগুনার আন্ধারমানিক নদে ২৮ দশমিক ৪ এবং পটুয়াখালীর গলাচিপার রামনাবাদ নদে ২৫ দশমিক ৪ পাওয়া গেছে।
বরিশাল অঞ্চলে লবণাক্ততার মধ্যে ঝুঁকিপূর্ণ জেলা পটুয়াখালী। জেলার ১ লাখ ৯৪ হাজার ৫৪৮ হেক্টর আবাদি জমির মধ্যে ১ লাখ ৫৫ হাজার ১৮০ হেক্টর জমি লবণাক্ত। এর পরের অবস্থানে বরগুনা। তৃতীয় অবস্থানে রয়েছে ভোলা জেলা।
নাম প্রকাশ না করার শর্তে পটুয়াখালী মৃত্তিকা সম্পদ উন্নয়ন কার্যালয়ের এক কর্মকর্তা জানান, পটুয়াখালীর রামনাবাদ, গলাচিপা, রাঙাবালি ও কলাপাড়া এবং বরগুনার আন্ধারমানিক নদে নভেম্বর থেকে মে মাস পর্যন্ত লবণের মাত্রা ২২ থেকে ২৮ পর্যন্ত থাকে। এসব কারণে ফলন কমে যাচ্ছে। বিলুপ্ত হচ্ছে মিঠা পানির মাছ।
বরিশাল মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটর বৈজ্ঞানিক কর্মকর্তা এ কে এম আমিনুল ইসলাম বলেন, অনিয়মিত বৃষ্টি বা অনাবৃষ্টি, উজানে পানির প্রবাহ কমে যাওয়া এবং যথেচ্ছভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণে লবণাক্ত পানি মিঠা পানির এলাকায় ঢুকে পড়ছে।
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বরিশাল আঞ্চলিক কার্যালয়ের প্রধান লিয়াকত হোসেন বলেন, ‘সাধারণত প্রতি লিটার পানিতে ৪ থেকে ৮ শতাংশ পর্যন্ত লবণ থাকলে ধান চাষ সম্ভব। কিন্তু বরিশাল অঞ্চলের অনেক জায়গায় এর মাত্রা ১৫ থেকে ২৮ শতাংশ পর্যন্ত পাওয়া গেছে। ১৯৭৩ সাল থেকে চারটি জরিপে আবাদি জমিতে লবণাক্ততার হার বাড়ছে। আমাদের উচিত বর্ষার পানি সংরক্ষণ এবং নদী-খাল খনন করে সেচের জন্য মিঠা পানি সংরক্ষণ করা।’