চা-শ্রমিকদের কৃষিজমি, প্রকৃতি ও পরিবেশ রক্ষার স্বার্থে হবিগঞ্জে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন বন্ধ করার দাবি জানিয়েছে চান্দপুর বেগমখান চা-বাগান ভূমিরক্ষা কমিটি ও সিপিবি-বাসদসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন।
গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ‘বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি (বেজা)’ কার্যালয়ের সামনে এক সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে দল ও সংগঠনের নেতারা এ দাবি জানান। বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ কর্মসূচি হয়। চলতি মাসের মধ্যে দাবি না মানলে অবরোধ-ধর্মঘটসহ কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নেতারা।
সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, হবিগঞ্জের চুনারুঘাটে চা-বাগানের কৃষিজমিকে অকৃষি দেখিয়ে ‘বিশেষ অর্থনৈতিক অঞ্চল’ করার চেষ্টা করা হচ্ছে। দেড় শ বছর ধরে শ্রমিকেরা ঝোপঝাড় পরিষ্কার করে যে আবাদি জমি তৈরি করেছেন, তা কেউ কেড়ে নিতে পারে না। তিনি বলেন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল হলে চাকরি হবে বলে যে আশ্বাস দেওয়া হচ্ছে, তা ডাহা মিথ্যা। রশিদপুর গ্যাসফিল্ড, কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প করার সময়ও কর্মসংস্থানের কথা বলা হয়েছিল, কিন্তু বাস্তবে তা হয়নি।
সমাবেশে গণফোরামের মফিজুল ইসলাম কামাল, বাসদের রাজেকুজ্জামান রতন, গণসংহতি আন্দোলনের ফিরোজ আহম্মেদ, নাগরিক ঐক্যের মাহবুব জামান, কমিউনিস্ট লীগের মোশারফ হোসেন, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহিদুল ইসলাম, ন্যাপের শফিকুল
ইসলাম, সিপিবির সাজ্জাদ জহির প্রমুখ বক্তব্য দেন।
সমাবেশে নেতারা বলেন, জাতিসংঘের চ্যাম্পিয়নস অব দ্য আর্থ পুরস্কার পাওয়ার পর প্রধানমন্ত্রী এক সংবর্ধনা অনুষ্ঠানে কৃষিজমিতে কলকারখানা স্থাপন না করার ঘোষণা দিয়েছিলেন। এখন আবাদি জমিতে ‘বিশেষ অর্থনৈতিক অঞ্চল’ করা প্রধানমন্ত্রীর ঘোষণার
লঙ্ঘন। সরকারের এই উদ্যোগে হবিগঞ্জের চুনারুঘাটের চা-শ্রমিকেরা বাস্তুচ্যুত ও জীবিকা হারানোর আশঙ্কায় পড়েছেন।