কৃষিজমিতে বেড়িবাঁধ নির্মাণ চলছেই
মানিকগঞ্জ পৌর এলাকায় কৃষিজমির ওপর বেড়িবাঁধের নির্মাণকাজ চলছেই। গতকাল শুক্রবার মানিকগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জমির মালিকেরা এ কথা বলেছেন।
৩ জুন কৃষিজমিতে বাঁধ নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেন ভুক্তভোগী জমির মালিক ও এলাকাবাসী। এ নিয়ে ৪ জুন ‘খালপাড়ের পরিবর্তে কৃষিজমিতে বেড়িবাঁধ নির্মাণ’ শিরোনামে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মানিকগঞ্জ উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, মানিকগঞ্জ সদর উপজেলার তরা এলাকা থেকে দেড়গ্রাম পর্যন্ত শহর রক্ষাবাঁধ (বেড়িবাঁধ) নির্মাণের জন্য পাউবো একটি প্রকল্প হাতে নেয়। এ জন্য বড় শৌরুণ্ডী মৌজার ৫ দশমিক ২ একর জমি অধিগ্রহণ করা হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জমির মালিকেরা বলেন, বড় শৌরুণ্ডীর যে স্থানে ফসলি জমিতে বেড়িবাঁধ নির্মাণ করা হচ্ছে, তার প্রায় ১৫০ গজ দক্ষিণে রয়েছে নয়াকান্দি খাল। এ খালের পাড় ঘেঁষে বেড়িবাঁধ নির্মাণ করা হলে ফসলি জমি ও বসতভিটা রক্ষা পাবে। বর্তমানে যে স্থানে বাঁধ নির্মাণ করা হচ্ছে, তাতে তিনফসলি জমি বিনষ্ট হচ্ছে। বেশ কয়েকটি পরিবার ভিটাছাড়া হচ্ছে। ইতিমধ্যে দুটি দরিদ্র পরিবারের বসতভিটা ভেঙে ফেলা হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তারা খালপাড় দিয়ে বাঁধ নির্মাণের দাবি জানান।