কৃষিজমির পাঁচ লাখ ঘনফুট মাটি কাটার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের জয়দেবপুর এলাকায় কৃষি প্রকল্প স্থাপনের নামে পাঁচ লাখ ঘনফুট মাটি কাটার অভিযোগে গতকাল সোমবার পরিবেশ অধিদপ্তর জেনুসিস লিমিটেড নামের একটি প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছে। এ সময় মাটি ভরাটের সরঞ্জামও জব্দ করা হয়।পরিবেশ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজীপুরের জয়দেবপুরে কৃষি প্রকল্প স্থাপনের নামে এক তুঘলকি কাজ করা হয়েছে। প্রায় পাঁচ একর আয়তনের নিচু কৃষিজমিতে পাঁচ লাখ ঘনফুট মাটি ফেলে ভরাট ও উঁচু করা হয়েছে। এ ঘটনা উদ্ঘাটনের পর পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহামঞ্চদ মুনীর চৌধুরীর নির্দেশে গতকাল সোমবার একটি দল ঘটনাস্থলে গিয়ে মাটি ভরাটের সরঞ্জাম জব্দ করে জেনুসিস লিমিটেডের কাজ বন্ধ করে দেয়।এ প্রকল্পের মালিক মো. সাইদুর রহমান। তবে তাঁর পক্ষে গাজীপুর পৌরসভার ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মো. শহিদুল ইসলাম এ প্রকল্প বাস্তবায়ন করছেন। পরিচালকের (এনফোর্সমেন্ট) নির্দেশে তাঁকে পরিবেশ অধিদপ্তরে হাজির করানো হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, যুক্তরাষ্ট্রপ্রবাসী মো. সাইদুর রহমান তাঁকে প্রকল্প বাস্তবায়নের জন্য ছয় কোটি টাকা দেন। এ টাকা দিয়ে তিনি জমি ক্রয়, নিচু জমি ভরাট করা, মাটি সংগ্রহ করা, জমি উঁচু করা, খুঁটি লাগানো ইত্যাদি কাজ সম্পন্ন করছেন। পরিচালক (এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরী জানান, আগামীকাল (আজ মঙ্গলবার) সকাল ১০টায় প্রকল্পের কাগজপত্রসহ সবাইকে পরিবেশ অধিদপ্তরে তলব করা হয়েছে।