কৃষিজমির মাটি ইটভাটায়
নড়াইলের বেশ কয়েকটি উপজেলা ও ফেনীর পরশুরামে ফসলি জমির উপরিভাগের মাটি কেটে ইটভাটায় বিক্রি করা হচ্ছে। একশ্রেণীর দালাল ও ইটভাটার মালিকেরা এভাবে মাটি কাটলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। উপরিভাগের মাটি কাটায় জমির উর্বরাশক্তি নষ্ট হয়ে যাচ্ছে। এতে ধানসহ অন্যান্য ফসলের উৎপাদন বহুলাংশে কমে যায় বলে কৃষি কর্মকর্তারা জানিয়েছেন। একই সঙ্গে এতে মাটিতে থাকা ফসল উৎপাদনের জন্য প্রয়োজনীয় খাদ্য-উপাদানও নষ্ট হয়ে যাচ্ছে। ফেনীর পরশুরাম উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, উপজেলার পৌর এলাকা, মির্জানগর ও চিথলিয়া এবং বক্সমাহমুদ ইউনিয়নের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি গ্রামে মাটিকাটার শ্রমিক দিয়ে কৃষিজমির উপরিভাগের উর্বর অংশ কেটে নেওয়া হচ্ছে। সদর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, পৌর এলাকার উত্তর কোলাপাড়া, দক্ষিণ কোলাপাড়া. দুবলাচাঁদ, অনন্তপুর, বাউরপাথর, বাউরখুমাসহ বেশ কয়েকটি গ্রামের কৃষকেরা মাটি বিক্রি করে দিচ্ছেন। পূর্ব সাহেবনগর গ্রামের কৃষক মো. ইউসুফ জানান, তিনি প্রতি ট্রাক্টর ৩০০ টাকা করে এক একর জমির মাটি বিক্রি করেছেন। তবে মাটি কেটে নেওয়ায় ফসলের উৎপাদন যে কমে যাবে তা তিনি জানেন না।উপজেলার দুর্গাপুর গ্রামে চিথলিয়া ব্রিকফিল্ড (সিবিএম) এবং কামাল উদ্দিন মজুমদার ব্রিকফিল্ড নামে দুটি ইটভাটায় জমির উপরিভাগের মাটি বিক্রি করা হচ্ছে। চিথলিয়া ব্রিকফিল্ডের মালিক ফুলগাজী উপজেলার বন্দুয়া গ্রামের জাহাঙ্গীর হোসেন জানান, তাঁরা হারুন, বাবলুসহ চার-পাঁচজনের কাছ থেকে প্রতি ট্রাক্টর মাটি ৪০০ ও ৫০০ টাকা করে কেনেন। নড়াইলের সদর উপজেলার আউড়িয়া, রঘুনাথপুর, ভদ্রবিলা ও ভবানীপুর; লোহাগড়ার মরিচপাশা ও জয়পুর এবং কালিয়ার বরইপাড়া, কাঞ্চনপুর ও পুরুলিয়া গ্রামের কৃষিজমির উপরিভাগের মাটি কেটে নেওয়া হচ্ছে। ইটভাটার কাছের এলাকার কৃষিজমি থেকে প্রতিদিন ট্রাকের পর ট্রাক মাটি কাটা হচ্ছে। সদর উপজেলার খলিশাখালী গ্রামের গোরাচাঁদ বিশ্বাস ইটভাটায় মাটি সরবরাহের কাজ করেন। তিনি বলেন, ‘বৃষ্টি কমে গিলি এ গিরামে ও গিরামে মাটির খোঁজে বেরোয় পড়ি। ভাটায় বছরে এক থেকে দেড় শ গাড়ি মাটি দিতি হয়।’মৃত্তিকাসম্পদ উন্নয়ন ইনস্টিটিউট খুলনার বৈজ্ঞানিক কর্মকর্তা (যশোর অফিসের দায়িত্বপ্রাপ্ত) শচীন্দ্রনাথ বিশ্বাস বলেন, ‘জমির উপরিভাগ কেটে ফেলার কারণে উর্বরাশক্তি নষ্ট হয়ে যায়। উপরিভাগের নয় ইঞ্চি থেকে এক ফুট পর্যন্ত উদ্ভিদের খাদ্যকণা থাকে। এটা কেটে ফেলার কারণে জমিতে আবাদ করা উদ্ভিদের শেকড় পর্যাপ্ত খাদ্যকণা না পাওয়ায় ওই জমিতে ফসল খুব একটা ভালো হয় না।’পরিবেশ অধিদপ্তর খুলনার পরিচালক তরুণ কান্তি সিকদার প্রথম আলোকে বলেন, আবাদি জমির এক ফুট পরিমাণ উপরিভাগের মাটি কাটার ব্যাপারে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। খুলনায় পরিবেশ আদালত গঠন না হওয়ায় আইন প্রয়োগে চরম অসুবিধা হচ্ছে। এ ব্যাপারে জেলা প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন এবং আইনেও জেলা প্রশাসককে সে ক্ষমতা দেওয়া হয়েছে। জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন বলেন, উপরিভাগের মাটি কাটার ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি।