কৃষিজমির মাটি বিক্রির দায়ে ১৪ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আলগারচরে কৃষিজমি থেকে মাটি চুরি করে ইটভাটায় বিক্রি করার দায়ে ১৪ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার রাতে নির্বাহী হাকিম নূর-ই-খাজা আলামীন তাঁদের এ দণ্ড দেন।
আদালত সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল নয়টার দিকে বাহেরচরের আলগারচরে কৃষিজমি থেকে মাটি চুরি হওয়ার খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। তারা সেখান থেকে মাটি চুরির অভিযোগে হুমায়ুন কবিরসহ ১৪ জন শ্রমিককে আটক করে। রাতে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন বাহেরচর গ্রামের হুমায়ুন কবির, মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার নোয়াপারা গ্রামের লিটন মিয়া, মো. কুদ্দুছ, ডুহুরী গ্রামের বিল্লাল হোসেন, সামুরবাড়ি গ্রামের সেকান্দার আলী, বালমা গ্রামের ইকবাল হোসেন, টঙ্গিবাড়ী উপজেলার আউশবাড়ি গ্রামের শাহ আলম, বরগুনার আমতলী উপজেলার আংগারপারা গ্রামের মো. সোহেল, গাইবান্ধা সদরের মো. হামিদুল, সাইফুল ইসলাম, সাদুল্যাপুর উপজেলার খুদধরিয়া গ্রামের মো. আসাদুল্লাহ, কিশামতদশলিয়া গ্রামের আসলাম মিয়া, হামিদপুর গ্রামের ইকরাম হোসেন ও কুড়িগ্রামের রৌমারী উপজেলার পুরান টাপুরচর গ্রামের ফজলুল হক।