কৃষিজমির মাটি যাচ্ছে ইটভাটায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফসলি জমির মাটি কেটে নেওয়া হচ্ছে ইটভাটায়। গত শুক্রবার শরীয়তপুর সদর উপজেলার চরগয়ঘর এলাকায় l প্রথম আলো
ফসলি জমির মাটি কেটে নেওয়া হচ্ছে ইটভাটায়। গত শুক্রবার শরীয়তপুর সদর উপজেলার চরগয়ঘর এলাকায় l প্রথম আলো

শরীয়তপুরের বিভিন্ন ইটভাটায় কৃষিজমির উপরিভাগের মাটি ব্যবহার করা হচ্ছে। এ কারণে ফসলি জমির উর্বরতা শক্তি নষ্ট হওয়ার আশঙ্কা করছে কৃষি বিভাগ।

শরীয়তপুর জেলা ইটভাটা ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, শরীয়তপুরের ৬টি উপজেলায় ৬৫টি ইটভাটা রয়েছে। প্রতিবছর ৬ মাস ইটভাটায় ইট উৎপাদন হয়। ওই ৬ মাসে একেকটি ইটভাটায় ৮০ লাখ থেকে দেড় কোটি ইট প্রস্তুত করা হয়। ইট তৈরির কাঁচামাল হিসেবে এঁটেল ও দোআঁশ মাটি ব্যবহার করা হয়। ওই মাটি স্থানীয় কৃষিজমি থেকে নেওয়া হচ্ছে।

শরীয়তপুরের অন্তত ২৫টি স্থান থেকে কৃষিজমির উপরিভাগের মাটি কেটে ইটভাটায় নেওয়া হচ্ছে। কিছু কৃষক নগদ টাকা পাওয়ার আশায় কৃষিজমির মাটি বিক্রি করছেন। ইটভাটার মালিকেরা কৃষকের কাছ থেকে উচ্চ মূল্যে জমি ভাড়া নিয়ে ১০ ফুট থেকে ১২ ফুট গভীর করে মাটি কেটে নিচ্ছেন।

শরীয়তপুর সদর উপজেলার শোলপাড়া ইউনিয়নের চরগয়ঘর গ্রামের কৃষক আবদুল আউয়াল ১৬০ শতাংশ জমির মাটি বিক্রি করেছেন এক মাটি ব্যবসায়ীর কাছে। প্রতি শতাংশ জমির মাটির দাম পেয়েছেন ৯ হাজার টাকা। ১২ ফুট পর্যন্ত গভীর করে মাটি কাটা হচ্ছে। ওই ব্যবসায়ী স্থানীয় চারটি ইটভাটায় প্রতি ঘনফুট মাটি পাঁচ টাকা দামে বিক্রি করছেন।

কৃষক আবদুল আউয়াল বলেন, ‘জমিটি দুই ফসলি। প্রতিবছর এই জমিতে পাট ও সরিষার আবাদ করতাম। কয়েক বছর যাবৎ ফসল বিক্রি করে উৎপাদন খরচও পেতাম না। এ কারণে বিরক্ত হয়ে ইটভাটায় মাটি বিক্রি করে দিয়েছি। এক সঙ্গে ১৫ লাখ টাকা পেয়েছি। ওই টাকা দিয়ে ভালোভাবে সংসার চালাতে পারব। মাটি নেওয়ার পর ওই জমিতে মাছের চাষ করার পরিকল্পনা রয়েছে।’

জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা জাকির হোসেন বলেন, ‘কৃষিজমির উপরিভাগের মাটি কেটে বিক্রি করা হচ্ছে ইটভাটায়। এভাবে উপরিভাগের উর্বর মাটি চলে গেলে ফসল উৎপাদন ব্যাহত হবে। আমাদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে ফসলি জমির উর্বরতা নষ্ট হবে। আমরা কৃষকদের এভাবে জমির মাটি বিক্রি না করার জন্য পরামর্শ দিয়ে যাচ্ছি।’

সদর উপজেলার খান ব্রিকসের মালিক খলিলুর রহমান খান বলেন, ইট প্রস্তুত করতে মাটির প্রয়োজন। যাঁরা যত ভালো মাটি ব্যবহার করতে পারবেন, তাঁরা ইটের তত ভালো মূল্য পাবেন। এ কারণে কৃষিজমির মাটির প্রতি ইটভাটার মালিকদের আগ্রহ বেশি।

শরীয়তপুর জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, ‘ইটভাটাতে মাটিই একমাত্র কাঁচামাল। আমরা পরিত্যক্ত জমির মাটি কিনে ইটভাটায় ব্যবহারের জন্য সব ইটভাটার মালিককে অনুরোধ করেছি। যাতে আমাদের অর্থনীতির প্রাণ কৃষিজমির কোনো ক্ষতি না হয়।’

শরীয়তপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রিফাতুল হোসাইন বলেন, ‘প্রতিবছর প্রচুর পরিমাণ কৃষিজমির উপরিভাগের মাটি (টপ সয়েল) চলে যাচ্ছে ইটভাটায়। আমরা শঙ্কিত, এভাবে উর্বর মাটি নষ্ট হলে কৃষির উৎপাদন ব্যাহত হবে। বিষয়টি নিয়ে অনেকবার জেলা সমন্বয় কমিটির সভায় আলোচনা করা হয়েছে। ইটভাটার মালিকদের আহ্বান করা হয়েছে তাঁরা যেন পরিত্যক্ত ও কম গুরুত্বপূর্ণ জমির মাটি ইটভাটায় ব্যবহার করেন।’