কক্সবাজারের টেকনাফে ইটভাটার জন্য ব্যাপক হারে কৃষিজমির উপরিভাগের মাটি (টপ সয়েল) ও টিলা কাটা হচ্ছে। এতে জমির উর্বরতা শক্তি কমে যাচ্ছে। কৃষি বিভাগের কর্মকর্তাদের মতে, কৃষিজমির উপরিভাগের মাটি কেটে নিলে তা দীর্ঘ সময়ের জন্য অনুর্বর হয়ে পড়ে।কৃষি বিভাগের কর্মকর্তারা বলেন, কৃষিজমির উপরিভাগের চার থেকে ছয় ইঞ্চি গভীরের মাটিতেই মূলত উর্বরতা শক্তি থাকে। তাই ইটভাটার জন্য উপরিভাগের মাটি কেটে নেওয়ার কারণে জমির উর্বরতা নষ্ট হচ্ছে। এ জন্য বেশি সার প্রয়োগ করতে হচ্ছে। সরেজমিনে দেখা যায়, উপজেলার মিঠাপানি, রাজারছড়া, লেঙ্গুরবিল, দমদমিয়া, মোচনি ও লেদা এলাকার বিস্তীর্ণ জমির উপরিভাগের মাটি কাটা চলছে। শ্রমিকেরা মাটি কেটে পিকআপ ভ্যান ও ঠেলাগাড়ি ভর্তি করছেন। মাটিকাটার কাজে নিয়োজিত শ্রমিকেরা জানান, জমির মালিকেরা ইটভাটার মালিকদের কাছে এসব মাটি বিক্রি করেছেন। কয়েকজন জমির মালিক বলেন, তাঁরা টাকার জন্য জমির উপরিভাগের মাটি বিক্রি করছেন। এতে জমির ক্ষতি হচ্ছে কি না, তা তাঁরা জানেন না। এ ব্যাপারে কৃষি বিভাগও তাঁদের কিছু বলেনি। জমির মালিকেরা জানান, ইটভাটার মালিকেরা তাঁদের কাছ থেকে পাঁচ থেকে সাত হাজার টাকায় এক হাজার ঘনফুট মাটি কেনেন। কৃষি বিভাগের একজন কর্মকর্তা বলেন, ‘৪০ শতক জমিতে প্রায় ৩৫ কেজি ইউরিয়া সার প্রয়োগ করতে হয়। কিন্তু উপরিভাগের মাটি কেটে নেওয়া জমিতে দিতে হয় এর প্রায় দ্বিগুণ। ফলনও হয় স্বাভাবিকের চেয়ে কম। এভাবে মাটি কাটা অব্যাহত থাকলে ভবিষ্যতে জমি চাষাবাদের অনুপযোগী হয়ে পড়বে। কয়েকটি ইটভাটার ব্যবস্থাপক বলেন, উপজেলায় সাতটি ইটভাটা রয়েছে। ইট তৈরির জন্য মাটির চাহিদা মেটাতে মালিকদের হিমশিম খেতে হয়। মালিকেরা চাহিদা অনুযায়ী মাটি পাচ্ছেন না। তাই জমির উপরিভাগের মাটি কিনে চাহিদা মেটানো হচ্ছে। পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম বলেন, টিলা ও কৃষিজমির মাটি কেটে নেওয়া হচ্ছে বলে তিনি শুনেছেন। এসব টিলা ব্যক্তিমালিকানাধীন হলেও পরিবেশের ক্ষতি হয়, এমন কোনো কাজ করা যাবে না। মাটি কাটার কারণে পরিবেশ হুমকির মুখে পড়বে। তাই জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল লতিফ বলেন, টাকার জন্য জমির মাটি বিক্রি করে কৃষকেরা নিজেদেরই ক্ষতি করছেন। কারণ, জমির হারানো উর্বরতা ফিরে পেতে ১৫-২০ বছর সময় লাগে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামসুল ইসলাম প্রথম আলোকে বলেন, জমির মালিকেরা পরিবেশ আইন ও ভূমি নীতিমালা অমান্য করছেন। তাই আগামী কয়েক দিনের মধ্যে অভিযান চালানো হবে।