খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, আবহাওয়ার পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে সমুদ্রতল আরও ওপরে উঠবে এবং দেশের দক্ষিণাঞ্চলের অনেক ভূমি তলিয়ে যাবে। এতে সবচেয়ে বেশি বিরূপ প্রভাব পড়বে কৃষি খাতের ওপর। তাই কৃষিতে আধুনিক প্রযুক্তি উদ্ভাবন ও গবেষণা জোরদার করা না গেলে দেশে দারিদ্র্য আরও বেড়ে যাবে।গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) গত শুক্রবার ‘এশিয়ান কংগ্রেস অব ফ্লুইড মেকানিকস’-এর ১৩তম সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। অধ্যাপক এম এইচ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আইইউটির উপাচার্য ইমতিয়াজ হোসেন, অধ্যাপক জিয়া চুন লি, অধ্যাপক মো. সদরুল ইসলাম প্রমুখ।সমাবেশের আয়োজক কমিটির সভাপতি সদরুল ইসলাম জানান, এবারের প্রতিপাদ্য ‘ন্যাচারাল অ্যান্ড হিউম্যান ইনড্যুসড হ্যাজার্ড মিটিগেশন’। এই সমাবেশের প্রধান লক্ষ্য হচ্ছে প্রবাহী পদার্থের (ফ্লুইড মেকানিকস) ধর্ম-গুণাগুণ নিরূপণ ও কৌশল পর্যালোচনা এবং শিল্প-কারখানায় এর ব্যবহার ও প্রয়োগবিষয়ক গবেষণাপত্র প্রদর্শন। পাশাপাশি এবারের সমাবেশে অসম প্রবাহ, বিকল্প শক্তি, পানি ও বন্যানিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনাবিষয়ক তিনটি সিম্পোজিয়ামের আয়োজন করা হয়েছে। সমাবেশে ক্যানসারের প্রতিষেধক উদ্ভাবনী কৌশল, জীবজন্তুর গতি-প্রকৃতি নির্ণয়, আকাশের মেঘের গতি-রহস্য উদ্ঘাটন এবং আবহাওয়ার তারতম্যের পূর্বাভাস নির্ণয়বিষয়ক বেশ কয়েকটি গুরত্বপূর্ণ গবেষণা উপস্থাপন করা হবে।বাংলাদেশে প্রথমবারের মতো এ সমাবেশ হচ্ছে। পাঁচ দিনব্যাপী এ সমাবেশে এশিয়া, ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ার বিভিন্ন দেশ থেকে তিন শতাধিক বিজ্ঞানী ও গবেষক অংশ নিচ্ছেন। উপস্থাপন করা হবে ২৫০টির বেশি গবেষণাপত্র। আমেরিকা, রাশিয়া, ইরাক, জাপান, চীন ও ইরানের বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ১৪টি মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।