জৈবপ্রযুক্তির (বিটি) মাধ্যমে উদ্ভাবিত ফসলের ব্যাপারে সাবধানবাণী উচ্চারণ করে বিশেষজ্ঞরা বললেন, এ ধরনের খাদ্যশস্য শরীরের জন্য ক্ষতিকর হিসেবে অনেক দেশে প্রমাণিত হয়েছে। বিটি ফসল চাষ করলে পাশের জমির ফসলের ওপরও নেতিবাচক প্রভাব পড়ে। শনিবার রাজধানীর গুলশানের স্পেকট্রা মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনারে জৈবপ্রযুক্তিবিষয়ক গবেষক ও বিশেষজ্ঞদের বেশির ভাগই ওপরের মত দিয়েছেন। তাঁরা কৃষকের হাতে বিটি প্রযুক্তির উপকরণ দেওয়ার আগে আরও বেশি সাবধানতা অবলম্বনের পরামর্শ দেন। তবে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) আয়োজিত ওই সেমিনারে সরকারি গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা খাদ্য উৎপাদন বাড়ানোর জন্য হাইব্রিড ও জৈবপ্রযুক্তির পক্ষে মত দিয়েছেন।সেমিনারের মূল প্রবন্ধে ফিলিপাইনভিত্তিক প্রতিষ্ঠান ইটিসি গ্রুপের কর্মসূচি ব্যবস্থাপক ইলিনিটা সি ডানো বলেন, মাত্র পাঁচটি দেশে বিশ্বের ৮৯ শতাংশ জিনগতভাবে পরিবর্তিত (জিএম) জাতের ফসলের চাষ হয়। এর বেশির ভাগই গবাদিপশুর খাদ্য ও জৈব জ্বালানি হিসেবে ব্যবহূত হয়। বাংলাদেশসহ বিশ্বের কয়েকটি দেশে জিএম ফসল হলুদ চাল (ইয়েলো রাইস) জনপ্রিয় করার চেষ্টা করা হচ্ছে। বলা হচ্ছে, এই চালের ভাত খেলে ভিটামিন ‘সি’র অভাব পূরণ হবে। কিন্তু এখন পর্যন্ত তা কেউ প্রমাণ করতে পারেননি। ভারতের অন্ধ্র প্রদেশের সংগঠন ডেকান ডেভেলপমেন্ট সোসাইটির পরিচালক পি ভি সতীশ বলেন, ভারতে বিটি তুলার উৎপাদন বেড়েছে, এমন কথা প্রচার করা হচ্ছে। কিন্তু বিটি তুলা চাষে কৃষক প্রাথমিকভাবে লাভবান হলেও দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। স্বাগত বক্তব্যে বেলার নির্বাহী প্রধান সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, গত বছর রাজশাহীর কৃষক সিনজেন্টা কোম্পানির টমেটো ও কয়েকটি কোম্পানির হাইব্রিড ধান চাষ করে উৎপাদনে মার খেয়েছেন। কিন্তু তাঁদের এ জন্য কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি। জিএম ও বিটি ফসল মাঠে দেওয়ার আগে এর ক্ষতিপূরণের আইনি কাঠামো ঠিক করতে হবে।বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বার্ক) শস্য বিভাগের পরিচালক খালেকুজ্জামান চৌধুরী বলেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) বিজ্ঞানীরা বিটি জাতের বেগুন ও আলু এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বিজ্ঞানীরা হলুদ ধানের জাত নিয়ে গবেষণা করছেন। এগুলো পর্যায়ক্রমে মাঠে পৌঁছে দেওয়া হবে। এতে খাদ্য উৎপাদন বাড়বে। বেসরকারি সংস্থা নিজেরা করির প্রধান নির্বাহী খুশী কবিরের সভাপতিত্বে সেমিনারে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা বক্তব্য দেন। তাঁরা নিম্নমানের বীজ বিক্রি রোধে সরকারের অভিযান বাড়ানোর ওপর গুরুত্ব দেন।