কুমিল্লায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসের আলোচনা সভায় বক্তারা বলেছেন, কৃষি খাতে পুরুষ শ্রমিকের সংখ্যা দিন দিন কমলেও এ খাতে নারী শ্রমিকের সংখ্যা বেড়েছে কয়েক গুণ। কিন্তু ওই কাজের জন্য তাঁদের কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি মেলেনি। আজ সময় এসেছে কৃষিতে নারী শ্রমিকের অবদান স্বীকার করে তাঁদের কিষানি হিসেবে স্বীকৃতি দেওয়া। একই সঙ্গে কৃষিশ্রমিকের জীবনমানের উন্নয়ন ও মর্যাদা প্রতিষ্ঠায় কৃষিশ্রমিককে শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে।কুমিল্লায় আয়োজিত গতকাল সোমবার এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। কর্মজীবী নারীর উদ্যোগে ওই আলোচনা সভা হয়। বিকেল চারটায় কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ওই সভা হয়।কৃষিশ্রমিক অধিকার মঞ্চের সভাপতি হুমায়ুন কবীর মজুমদারের সভাপতিত্বে ওই আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুর রউফ। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সাহিদা আঞ্জুমান, জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ, বেসরকারি উন্নয়ন সংস্থা পেইজের নির্বাহী পরিচালক অধ্যাপক লোকমান হাকিম, এইড-কুমিল্লার নির্বাহী পরিচালক রোকেয়া বেগম শেফালী, দুস্থ মা ও শিশুকল্যাণ ফাউন্ডেশনের পরিচালক এবং কর্মজীবী নারীর কেন্দ্রীয় সদস্য দিলনাশি মোহসেন ও কর্মজীবী নারীর সম্পাদক আয়েশা সিদ্দিকা। আলোচনা সভায় ধারণাপত্র উপস্থাপন করেন কর্মজীবী নারী কুমিল্লা অঞ্চলের সভাপতি ও প্রত্যয়ের নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার।