
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেছেন, কৃষিশ্রমিকদের শ্রম আইনের আওতায় আনার পাশাপাশি এই শ্রমিকেরা ট্রেড ইউনিয়ন করতে পারেন কি না, তা দেখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৮৪ সালের কৃষিশ্রম অধ্যাদেশে যে ন্যূনতম মজুরি (৩ দশমিক ২৪ কিলোগ্রাম চাল বা সমপরিমাণ টাকা) নির্ধারণ করা আছে, তাকে যুগোপযোগী করার বিষয়টিও সরকার বিবেচনায় নেবে।
প্রতিমন্ত্রী বলেন, কৃষিশ্রমিকদের, বিশেষ করে নারী শ্রমিকদের মজুরিবৈষম্য কমানোসহ নিরাপত্তা নিশ্চিত করা, মর্যাদা দেওয়াসহ নানান বিষয়ে কাজ করছে সরকার। এ ক্ষেত্রে আইন করার পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, শুধু কৃষি নয়, বিভিন্ন কাজেই পুরুষ শ্রমিকদের চেয়ে নারী শ্রমিকদের কম বেতন দেওয়ার বিষয়টি নারীর প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গির প্রকাশ।
গতকাল রোববার প্রথম আলো আয়োজিত ‘মজুরিবৈষম্য ও কৃষি খাতে নারীর সমতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। কেয়ার বাংলাদেশের সহায়তায় কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।
কর্মজীবী নারীর প্রতিষ্ঠাতা সভাপতি এবং সাংসদ শিরীন আখতার বলেন, কর্মজীবী নারীর পক্ষ থেকে কৃষিশ্রম আইনের একটি খসড়া তৈরি করে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কাছে জমা দেওয়া হয়েছে। শ্রমিক, বিশেষ করে নারী শ্রমিকদের সংগঠিত করার কোনো বিকল্প নেই। প্রতিটি ইউনিয়ন পরিষদে কৃষিশ্রমিকদের তালিকা সংরক্ষণের বিষয়টিতে গুরুত্ব দেন এ সাংসদ।
কেয়ার বাংলাদেশের গ্রামীণ অতিদারিদ্র্য কর্মসূচির পরিচালক আনোয়ারুল হক সরকারের কৃষি তথ্য সার্ভিসের তথ্য উল্লেখ করে বলেন, কৃষিতে নারীরা যে শ্রম দেন, তার ৪৫ শতাংশের বেশি ক্ষেত্রে কোনো পারিশ্রমিক পান না। কেয়ারের কাজের অভিজ্ঞতায় দেখা গেছে, নারী শ্রমিক শুধু নারী হওয়ার কারণে পুরুষের তুলনায় ৪৩ শতাংশ কম মজুরি পান। বিভিন্ন কারণে একজন পুরুষের তুলনায় বছরে ২৪ হাজার টাকা কম পান একজন নারী শ্রমিক।
গাজীপুর থেকে আসা নারী শ্রমিক গেনি রানী বর্মণী বলেন, ‘পুরুষগো চার শ–সাড়ে চার শ টাকা দিলে আমাগো দেয় দুই শ–আড়াই শ টাকা। প্রশ্ন করলে কয়, উনারা পুরুষ মানুষ, বেশি কাম করে। বেশি কতা কইতে গেলে কামেই নিবার চায় না।’
কেয়ারের পাথওয়েজ টু সিকিউর অ্যান্ড রেসিলিয়েন লাইভলিহুডস প্রজেক্ট–২–এর টিম লিডার কাকলী তানভীন বলেন, কৃষি খাতে নারীর সমতা আনতে হলে নারীর ক্ষমতায়ন জরুরি।
কুড়িগ্রামের কেয়ারের প্রকল্পে কাজ করা নারী কৃষকনেতা কল্পনা আক্তার বলেন, একজন পুরুষ শ্রমিক পান-বিড়ি-সিগারেট খান, আর নারীরা কাজই করেন। তারপরও বৈষম্য করা হয়। তবে এলাকায় কৃষক দল গঠন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ অন্যদের সঙ্গে আলোচনা করার পর পরিস্থিতি পাল্টাচ্ছে।
বাংলাদেশ মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ বলেন, নারী শ্রমিকদের কৃষক হিসেবে স্বীকৃতি দিতে হবে ও মূল্যায়ন করতে হবে। মজুরির বেলায় দুর্বল পুরুষের কথা আসে না, আসে নারীর প্রসঙ্গ।
কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ওয়ায়েস কবীর বলেন, কৃষিশিক্ষায় এখন নারীদের সংখ্যা বাড়ছে। এই নারীরা যখন মাঠে কাজ করবেন, তখন অবস্থার পরিবর্তন ঘটবে।
কুড়িগ্রামের হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক জানালেন, তিনি নিজেও তাঁর জমিতে শ্রমিক দিয়ে আলু চাষ করেন। এলাকায় তিনিই প্রথম ঘোষণা দেন নারী শ্রমিকেরা যা পান তা থেকে ৩০ টাকা বাড়িয়ে দেবেন।
কুড়িগ্রামের একজন জমির মালিক নূর জামাল মজুরিবৈষম্য দূর করতে শুধু নারী শ্রমিক নয়, জমির মালিকদেরও সচেতন হওয়ার আহ্বান জানান।
সেন্টার ফর পলিসি ডায়ালগের জ্যেষ্ঠ গবেষক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, নারী ও পুরুষ শ্রমিকদের মজুরি ও নিয়োগে প্রাতিষ্ঠানিক কাঠামো থাকতে হবে এবং তার নজরদারি প্রয়োজন।
নেদারল্যান্ডস দূতাবাসের জ্যেষ্ঠ পলিসি অ্যাডভাইজার এ কে ওসমান হারুনী বলেন, কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে নারীদের দক্ষতা বাড়ানোর বিষয়টিতে এখন থেকেই নজর দিতে হবে।
কর্মজীবী নারীর প্রোগ্রাম অফিসার হাছিনা আক্তার এবং কেয়ারের প্রজেক্ট অফিসার আরজুমান আরা মাঠপর্যায়ের কাজকে টেকসই করার বিষয়টিতে গুরুত্ব দেন।