কৃষিতে নারীর ক্ষমতায়ন খাদ্য উৎপাদন বাড়াবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিতে নারীর ক্ষমতায়ন হলে পরিবারের খাদ্য গ্রহণ বৈচিত্র্যপূর্ণ হয়। সম্পদে নারীর মালিকানা ও নিয়ন্ত্রণ থাকলে পরিবারের খাদ্যনিরাপত্তা বৃদ্ধি পায়। বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, নারীর ক্ষমতায়নের মাধ্যমে উন্নয়নশীল বিশ্বে কৃষি উৎপাদন ৪ শতাংশ বাড়ানো সম্ভব।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল রোববার ‘গ্রামীণ নারীর জমি-জলা-খাদ্যের অধিকার ও কৃষিব্যবস্থা’ শীর্ষক সেমিনারে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান এ তথ্য জানান।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠকালে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বিশ্বে মোট জনসংখ্যার মধ্যে অর্ধেকই নারী। তাঁদের মধ্যে কৃষিতে নিয়োজিত নারী ৪৩ শতাংশ এবং তাঁদের কাজের অবদান ৬৬ শতাংশ। উন্নয়নশীল দেশে কৃষি ও কৃষিসংক্রান্ত কাজে এই সংখ্যা ৭০-৮০ শতাংশ। সৈয়দা রিজওয়ানা বলেন, খাসজমির জলাভূমিতে নারীর সম-অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
সেমিনারে রাঙামাটির বরকল উপজেলা চেয়ারম্যান মণি চাকমা বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে পুরুষদেরই অধিকারই নেই। সেখানে নারীদের অধিকারের কী অবস্থা, তা বলার অপেক্ষা রাখে না। একজন নারী প্রতিনিধি হয়েও অধিকার আদায়ে সংগ্রাম করতে হচ্ছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাদেকা হালিম বলেন, গত চার দশকে গ্রামে এবং শহরে নারীদের অবস্থানের পরিবর্তন হয়েছে। তবে কৃষিক্ষেত্রে তাঁদের অবদানের স্বীকৃতি এখনো দেওয়া হচ্ছে না।
গোবিন্দগঞ্জের বাগদা ফার্ম এলাকা থেকে আসা সন্ধ্যা মালো বলেন, আদিবাসী সাঁওতালদের ওপর ভূমিদস্যুদের নির্যাতন চলছে। মহিমাগঞ্জে সাম্প্রতিক হামলার পর ছয়জনকে হত্যা করা হয়। উত্তরাঞ্চলে এভাবে ভূমি দখল, খুন-ধর্ষণ হতে থাকলে আদিবাসী নারীরা কীভাবে তাঁদের ভূমির অধিকার ফিরে পাবেন?
অধ্যাপক ও গবেষক স্বপন আদনান বলেন, গত কয়েক দশকে মানুষ বাড়ার সঙ্গে সঙ্গে জমির পরিমাণ কমেছে। এর ফলে গ্রামের নারীদেরও বাইরে কাজ করতে যেতে হয়। এর মধ্য দিয়ে গ্রামীণ নারী-পুরুষের গৎবাঁধা ভূমিকা বদলে যাচ্ছে।
এএলআরডি, নিজেরা করি ও বেলা এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে আরও বক্তব্য দেন খাগড়াছড়ি জেলার হেডম্যান-কার্বারি নেটওয়ার্কের সাধারণ সম্পাদক ভৌমিকা ত্রিপুরা।