বাংলাদেশের শ্রমশক্তির ৪০ শতাংশের বেশি এখনো কৃষির ওপর নির্ভরশীল। দেশের প্রধান খাদ্য ভাত, মাছ, ডিম ও মাংসে স্বনির্ভর হওয়া গেছে। কিন্তু এখনো দেশের ৭৩ শতাংশ মানুষ দৈনিক প্রয়োজনীয় স্বাস্থ্যকর খাবার পায় না। খাদ্য উৎপাদন কম হওয়ায় দেশের সাধারণ মানুষের বেশ বড় একটা অংশ খাদ্যনিরাপত্তার ঝুঁকিতে আছে। কৃষিতে বিনিয়োগ না বাড়ালে খাদ্য উৎপাদন বাড়বে না।
মঙ্গলবার জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত ভার্চ্যুয়াল সংলাপে এসব তথ্য জানানো হয়।
এশিয়া প্যাসিফিক অঞ্চলের জন্য আয়োজন করা কৃষি ও খাদ্য নিরাপত্তাবিষয়ক সম্মেলনটি এবার আগামী মার্চের ১১ তারিখে অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনের আগে নাগরিক সংগঠন এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়ের জন্য এ সংলাপের আয়োজন করা হয়।
সংলাপে বলা হয়, দেশের ৩২ শতাংশ মানুষ মাঝারি থেকে তীব্র খাদ্যনিরাপত্তার ঝুঁকিতে আছে। এসব চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বাংলাদেশের কৃষি খাতে মাথাপিছু বিনিয়োগ বৈশ্বিক প্রেক্ষাপটে নিচের সারিতে।
সংলাপে মূল প্রবন্ধ তুলে ধরতে গিয়ে এফএও বাংলাদেশের বাজার ও বাণিজ্যবিষয়ক পরামর্শক মনিরুল হাসান বলেন, নেদারল্যান্ডস কৃষি খাতে বছরে মাথাপিছু ৩১৪ ডলার, ভারত ৩৪ ডলার ও মিয়ানমার ২৬ ডলার বিনিয়োগ করে। সেখানে বাংলাদেশে মাত্র ১৬ ডলার বিনিয়োগ করা হয়। যে কারণে বাংলাদেশে হেক্টর প্রতি ধানের উৎপাদন ৪ হাজার ৭৩৫ কেজি। আর চীনে তা ৭ হাজার কেজির বেশি। অন্যদিকে দেশে কৃষিজমি কমে যাওয়া এবং প্রাকৃতিক দুর্যোগসহ নানা সমস্যা বাড়ছে। তাই খাদ্যনিরাপত্তাকে টেকসই করতে হলে কৃষিতে বিনিয়োগ বাড়াতে হবে। একরপ্রতি ধানসহ অন্যান্য পুষ্টিকর খাবারের উৎপাদন বাড়াতে হবে।
সংলাপে খাদ্যবিষয়ক আন্তর্জাতিক সংস্থা গেইন, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রুদাবা খন্দকার বলেন, দেশে খাদ্য উৎপাদন বাড়লেও এখনো গরিব মানুষ মূলত ভাত থেকে তাদের পুষ্টিচাহিদার বড় অংশ মেটায়। তাই আমাদের পুষ্টিকর ও বহুমুখী খাদ্য উৎপাদন বাড়াতে হবে।