কৃষিতে ভর্তুকি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটকে গণমুখী ও উন্নয়নের বাজেট উল্লেখ করে এর বাস্তবায়ন নিশ্চিত করতে বলেছেন সরকারি দলের সাংসদেরা। একই সঙ্গে কৃষি খাতে ভর্তুকি অব্যাহত রাখা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর দাবি তোলেন তাঁরা।বিরোধী দল বিএনপির অনুপস্থিতিতে সরকারি দলের সদস্যরা বাজেট আলোচনার সুযোগে নিজস্ব নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ দেওয়ার দাবি জানান।স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে গতকাল সোমবার ২০১১-১২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর প্রায় তিন ঘণ্টা আলোচনা চলে। বেশির ভাগ বক্তাই বিরোধী দল বিএনপির সংসদে না আসার সমালোচনা করেন।সাংসদ তারানা হালিম বলেন, বিরোধী দল প্রতি মাসে বেতন-ভাতা হিসেবে সংসদ থেকে ৩৫ লাখ ৬৩ হাজার ৮৬০ টাকা নেয়। আবার প্রতিদিন চার ঘণ্টা ধরে হিসাব করলে সংসদের ব্যয় প্রতি মিনিটে এক লাখ ৪০ হাজার টাকা। ফলে এসব খরচের জন্য বিএনপিকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে।সরকারি দলের আবদুল মান্নান কৃষি খাতে ভর্তুকি অব্যাহত রাখার পক্ষে মত দেন। তিনি বলেন, এতে বাজেটের যে সমালোচনা হচ্ছে, তা আর থাকবে না। তিনি শেয়ারবাজারকে স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি করে বলেন, শেয়ারবাজারে অস্থিরতার পর খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি প্রশংসিত হয়েছে। তাদের প্রতিবেদনও প্রশংসিত হয়েছে। এখন এই প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন করা উচিত।শওকত মোমেন শাহজাহান বলেন, বিদ্যুৎ উৎপাদন বাড়লেও লোডশেডিং সহনীয় হয়নি। এক হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বেড়েছে বললে জনগণ হাসে।মনোরঞ্জন শীল বলেন, মুঠোফোনের কোম্পানিগুলোর মালিকানা বিদেশিদের। ফলে রাষ্ট্রীয় গোপনীয়তা হুমকির সম্মুখীন। তিনি সরকারি টেলিটক কোম্পানিকে জনগণের কাছে গ্রহণযোগ্য করার ব্যবস্থা নিতে বলেন।অন্যান্যের মধ্যে বাজেট আলোচনায় অংশ নেন ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা, সাংসদ খান টিপু সুলতান, রওশন জাহান, কে এম খালিদ, সানজিদা খানম, তাজুল ইসলাম, সুবিদ আলী ভূইয়া, আমিনা আহমেদ প্রমুখ।