কৃষিতে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগকে উত্সাহ দেবে সরকার
কৃষিক্ষেত্রে উন্নয়ন ও গবেষণায় সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগকে (পিপিপি) উত্সাহিত করা হবে। একই সঙ্গে ইউনিয়ন পর্যায়ে কৃষিবিদ নিয়োগেরও পরিকল্পনা নিয়েছে সরকার। গতকাল শুক্রবার কৃষিবিদ ইনস্টিটিউটের চতুর্থ সম্মেলনের সমাপনী দিনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এ কথা বলেছেন।সমাপনী দিনে ‘কৃষিক্ষেত্রে সরকারি-বেসরকারি উদ্যোগের ভূমিকা’ শীর্ষক সেমিনারে অর্থমন্ত্রী বলেন, দেশে মোট জাতীয় উত্পাদনের ১৬ শতাংশ বেসরকারি খাত থেকে আসে। ফলে দেশের সামগ্রিক উত্পাদন বৃদ্ধির জন্য সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগ প্রয়োজন।সেমিনারে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘কৃষিবিদসহ অন্য পেশাজীবীরা শুধু রাজধানীতে বদলি নিতে চান। ডাক্তারদের মফস্বলে পাঠানো হলে তাঁরা লিয়েন নিয়ে ঢাকায় চলে আসে। মাসের শুরুতে গিয়ে শুধু বেতনটা তুলে নেন। গ্রামের কৃষকদের সেবা দেওয়ার মানসিকতা তাঁদের নেই।’বদলির তদবির না করলে প্রতিটি ইউনিয়নে গ্রাজুয়েট কৃষিবিদ নিয়োগের আশ্বাস দিয়ে মতিয়া চৌধুরী বলেন, ৫৬ হাজার বর্গমাইলের এই ছোট্ট দেশের যেকোনো স্থানে বদলির জন্য পেশাজীবীদের মানসিক প্রস্তুতি থাকতে হবে।‘আমরা ক্ষমতাকে উপভোগ করতে আসিনি’ মন্তব্য করে কৃষিমন্ত্রী বলেন, ‘জনগণ শুধু একবার ভোট দেবে। আমাদের দায়িত্ব হবে পাঁচ বছর ধরে মানুষকে সেবা দেওয়ার ব্যবস্থা করা।’ মন্ত্রিপরিষদ সচিব আবদুল আজিজ বর্তমান সরকারের আমলে পদোন্নতি ও বদলি নিয়ে অনেক জট খোলা হয়েছে উল্লেখ করে বলেন, কারও যদি ইচ্ছা থাকে তাহলে বিদ্যমান আইন মেনেই অনেক সমস্যার সমাধান করা সম্ভব। কৃষিসচিব সি কিউ কে মোস্তাক গবেষণার মতো সৃজনশীল কাজের সঙ্গে যে সরকারি কর্মকর্তারা যুক্ত থাকবেন, তাঁদের চাকরির মেয়াদ বাড়ানো উচিত।‘কৃষিক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সংস্কার’ শীর্ষক মূল প্রবন্ধে কৃষিবিদ মতলুবুর রহমান বলেন, ষাটের দশকের সবুজ বিপ্লবের সময়ের তুলনায় বর্তমানে কৃষিক্ষেত্র অনেক বেশি জটিল হয়ে গেছে। কৃষি প্রযুক্তি ও উপকরণ সংগ্রহ অনেক কঠিন ও প্রতিযোগিতামূলক হয়ে গেছে। এখন প্রাতিষ্ঠানিক উদ্যোগ ছাড়া কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্ভব নয়। তাই তিনি বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রাতিষ্ঠানিক উন্নয়নের উদ্যোগ নেওয়ার সুপারিশ করেন।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক সায়ীদ আলীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন কৃষিবিদ ইনস্টিটিউটের সভাপতি ওয়াসিউজ্জামান আকন্দ ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বার্ক) নির্বাহী চেয়ারম্যান ওয়ারেস কবির।