কৃষিপণ্যের ন্যায্যমূল্যের দাবিতে কৃষক সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলুসহ উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্যমূল্যের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জে কৃষক সমাবেশ হয়েছে। গতকাল শুক্রবার শমশেরনগর পশ্চিম বাজারে কৃষক সংগ্রাম সমিতির কার্যালয়ের সামনে এ সমাবেশ হয়।
সকাল সাড়ে ১০টার দিকে ওই সমাবেশে কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি কবি আবদুস শহীদ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন ওই সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিলেট জেলা কমিটির নেতা আরিফুল ইসলাম, নুরুল মোহাইমিন, রজত বিশ্বাস, নুরুজ্জামান প্রমুখ।
সমাবেশে কৃষকনেতারা জানান, বর্তমান মৌসুমে উৎপাদিত আলুসহ কৃষিপণ্যের ন্যায্যমূল্য না পেয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ কৃষক। আলুর উৎপাদন ব্যয় গড়ে কেজি প্রতি আট টাকা হলেও বাজারে তিন থেকে চার টাকা দরে তা বিক্রি হচ্ছে। সরকারের বিপুল পরিমাণ খাসজমি পড়ে থাকলেও এগুলো ভূমিহীন কৃষকদের মাঝে বণ্টন করা হচ্ছে না। কৃষকদের নামে মধ্যস্বত্বভোগীরাই সব ধরনের সুযোগসুবিধা গ্রহণ ও প্রকৃত কৃষকেরা দিনের পর দিন ক্ষতিগ্রস্ত হয়ে ভূমিহীনে পরিণত হচ্ছেন।
বক্তারা সমাবেশে সিলেট বিভাগের নদী, খাল, বিল, হাওর ও জলাশয় সংস্কারের দাবি ও ভবিষ্যতে বিভিন্ন স্থানে মহাসমাবেশ করে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি পাঠানোর কথা জানান।