কৃষিপণ্যের বাজার ও উৎপাদন নিয়ে গবেষণা করতে হবে: কৃষিমন্ত্রী
কৃষিপণ্যের বাজার নিয়ে আরও বেশি গবেষণা করতে কৃষি অর্থনীতিবিদদের আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। একই সঙ্গে কৃষিপণ্যের উৎপাদন, উৎপাদন খরচ, দাম, মুনাফা প্রভৃতি নিয়েও কৃষি অর্থনীতিবিদদের আরও বেশি করে কাজ করার আহ্বান জানান তিনি।
আজ ‘একুশে পদক ২০২২’ পাওয়ায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইমেরিটাস অধ্যাপক ড. এম এ সাত্তার মণ্ডলকে সংবর্ধনা দেয় বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি। সাত্তার মণ্ডল এ সংগঠনের সাবেক সভাপতি। ঢাকায় কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, ন্যাশনাল ইমেরিটাস বিজ্ঞানী কাজী এম বদরুদ্দোজা ও কৃষি মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব মো. মেসবাহুল ইসলাম উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব সাজ্জাদুল হাসান।
কৃষিমন্ত্রী বলেন, প্রফেসর সাত্তার মণ্ডল একুশে পদক পাওয়ায় কৃষিবিদেরা গর্বিত ও আনন্দিত। আজ দেশে কৃষির যে বিকাশ হয়েছে, তাতে তাঁর অসামান্য অবদান রয়েছে।
পরিকল্পনা প্রতিমন্ত্রী রোল মডেল হিসেবে সাত্তার মণ্ডলকে অনুসরণ করতে ছাত্রদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, কৃষি অর্থনীতির শ্রেষ্ঠ রোল মডেল হলেন সাত্তার মণ্ডল।
অনুষ্ঠানে বক্তারা সাত্তার মণ্ডলের বর্ণাঢ্য জীবনের নানা দিক ও কৃষি উন্নয়নে তাঁর অবদান নিয়ে আলোচনা করেন। এ সময় কৃষি অর্থনীতিবিদ সমিতির বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।