কৃষিপণ্যের যান অবরোধের আওতামুক্ত রাখার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাকসবজিসহ কৃষিপণ্যবাহী যানবাহন হরতাল ও অবরোধের আওতামুক্ত রাখার দাবিতে বাংলাদেশ কৃষক সমিতির ফরিদপুর শাখা গতকাল শুক্রবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে ‘কৃষক বাঁচাও, কৃষি বাঁচাও, দেশ বাঁচাও’-এ আহ্বানকে সামনে রেখে এ কর্মসূচি পালন করা হয়।
এ কর্মসূচি চলাকালে দাবির সমর্থনে বক্তব্য দেন জেলা কৃষক সমিতির সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান, কৃষক সমিতির সদস্য এনায়েত চৌধুরী, মান্নান ফকির, নূর আব্দুল্লাহ সাঈদ ও রফিকুজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন, রাজনৈতিক দলের হরতাল ও অবরোধের কারণে কৃষকেরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কৃষকদের উৎপাদিত পণ্য সুষ্ঠুভাবে বিপণন করতে না পারায় সেগুলো পচে যাচ্ছে। ফলে তাঁরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। বক্তারা আরও বলেন, যে কারণে দেশে রাজনৈতিক দ্বন্দ্ব ও সংঘাত চলছে, তাতে কৃষকের কোন ভূমিকা নেই এবং কৃষকদের স্বার্থেও তা করা হচ্ছে না। আন্দোলনের নামে যা হচ্ছে তা কৃষকদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে।