কৃষিবিজ্ঞানী ও অর্থনীতিবিদ একযোগে কাজ করতে হবে
বাংলাদেশে কৃষি অর্থনীতিবিদ সমিতির বার্ষিক সম্মেলনে আলোচকেরা বলেছেন, প্রধান খাদ্য উৎপাদনে বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ। ১৯৭২ থেকে ২০১৫ সালের মধ্যে দেশের কৃষিক্ষেত্রে প্রবৃদ্ধি ৫ দশমিক ৬ গুণ বেড়েছে। কৃষির এই অগ্রগতি ধরে রাখতে কৃষিবিজ্ঞানী ও অর্থনীতিবিদদের একযোগে কাজ করতে হবে।
গতকাল শুক্রবার রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে অনুষ্ঠিত কৃষি অর্থনীতিবিদ সমিতির ১৫তম বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচকেরা এ কথা বলেন। তাঁরা বলেন, স্বাধীনতার পর থেকে খাদ্য উৎপাদন বৃদ্ধি ও বহুমুখী খাদ্য উৎপাদনে বাংলাদেশের অগ্রগতি বিশ্বের অনেক দেশের জন্যই অনুসরণীয়। এবারের সম্মেলনের প্রতিপাদ্য, ‘একবিংশ শতাব্দীতে বাংলাদেশের কৃষি খাতে রূপান্তর’।
সম্মেলনে অর্থনীতিবিদ মাহবুব হোসেন স্মারক বক্তৃতা দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম এ সাত্তার মণ্ডল। তিনি মাহবুব হোসেনকে ক্ষুদ্র কৃষকের অর্থনীতির প্রবক্তা হিসেবে উল্লেখ করেন। তিনি মাহবুব হোসেনের ধারা অনুসরণ করে কৃষি অর্থনীতি নিয়ে গবেষণা করার আহ্বান জানান।
অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, স্বাধীনতার পর থেকে দেশে খাদ্যের উৎপাদন বেড়েছে তিন গুণ, আর জনসংখ্যা বেড়েছে দুই গুণ। ২০৩০ সালের মধ্যে দেশকে ক্ষুধামুক্ত করতে সরকার কাজ করে যাচ্ছে।
আলোচনায় অংশ নিয়ে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য অধ্যাপক শামসুল আলম কৃষি উৎপাদন বাড়াতে বড় বড় কৃষি খামার প্রতিষ্ঠার ওপর জোর দেন। তিনি বলেন, খামারে যান্ত্রিক পদ্ধতিতে উৎপাদন হলে ফসলের উৎপাদন খরচ কমে আসবে। ফলে প্রতিযোগিতামূলক দামে ভোক্তারা পণ্য কিনতে পারবেন।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি গবেষণা-বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ইকরিস্যাট-এর প্রধান অর্থনীতিবিদ উত্তম দেব। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশ মোট উৎপাদন বৃদ্ধি ও বহুমাত্রিক ফসল উৎপাদনে ব্যাপক সফলতা পেয়েছে। কৃষি উৎপাদনে সামনের দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন প্রযুক্তি উদ্ভাবনের ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘এমন ধরনের প্রযুক্তি উদ্ভাবন করতে হবে, যাতে উৎপাদন খরচ কমে আসে।’
সম্মেলনে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি সংস্থার পাঁচ শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এইচ এম কায় খসরু ও সমিতির মহাসচিব আহছানুজ্জামান বক্তব্য দেন।