কৃষিবিদ দিবস উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গতকাল সোমবার নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃষিবিদ দিবস উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে জামালপুরে আলোচনা সভা হয়।
দিবসটি উপলক্ষে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসন। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাড থেকে শুরু হয়ে সমাবর্তন মাঠের ‘বঙ্গবন্ধু স্মৃতি চত্বরে’ গিয়ে শেষ হয়। সেখানে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপাচার্য মো. আলী আকবর, সহ-উপাচার্য জসিমউদ্দিন খান, ছাত্র উপদেষ্টা এস ডি চৌধুরী প্রমুখ। পরে দেশবাসীর কল্যাণ ও কৃষিবিদদের সাফল্য কামনা করে দোয়া করা হয়।
১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদা দেওয়ার ঘোষণা দেন। ২০১০ সালে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ প্রতিবছর দিনটিকে ‘কৃষিবিদ দিবস’ হিসেবে উদ্যাপনের সিদ্ধান্ত নেয়।
দিবসটি উপলক্ষে জামালপুরে আলোচনা সভা হয়। কৃষিবিদ ইনস্টিটিউশন জেলা শাখা এ আয়োজন করে। বেলা দুইটার দিকে জামালপুরে কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী। সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ও কৃষিবিদ ইনস্টিটিউশন জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম।