কৃষিবিদ হতে চায় স্নিগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অদম্য মনোবল নিয়ে গতকাল এসএসসি পরীক্ষা দিচ্ছে শা​রীরিক প্রতিবন্ধী স্নিগ্ধ l প্রথম আলো
অদম্য মনোবল নিয়ে গতকাল এসএসসি পরীক্ষা দিচ্ছে শা​রীরিক প্রতিবন্ধী স্নিগ্ধ l প্রথম আলো

শারীরিক দুর্বলতা নিয়ে জন্ম হয়েছিল। এখন এতটাই দুর্বল যে পা দিয়ে চলাফেরা করতে পারে না। হাত দিয়ে কাজ করার শক্তি নেই বললেই চলে। কথা অস্পষ্ট। এমন অবস্থার মধ্যেও অদম্য মনোবল নিয়ে এ বছর এসএসসি পরীক্ষা দিচ্ছে রাবায়েত হাকিম ওরফে স্নিগ্ধ।
বাবা আবদুল হাকিম একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। মা রুবিনা হাকিম গৃহিণী। দুই ভাইয়ের মধ্যে বড় সে।
আবদুল হাকিম বলেন, যশোরের রূপাদিয়া বাজার এলাকায় তাঁদের বাড়ি। জন্ম নেওয়ার দুই বছর পর তাঁরা বুঝতে পারেন স্নিগ্ধ শারীরিক প্রতিবন্ধী। চিকিৎসাও করানো হয়েছে। চিকিৎসকেরা নিউরোলজিক্যাল সমস্যার কথা বলেন। তিনি জানান, ছোটবেলা থেকে স্নিগ্ধ বই-খাতা নিয়ে খেলাধুলা করত। একপর্যায়ে বাড়ির আশপাশের শিশুদের স্কুলে যেতে দেখে তাদের সঙ্গে যেতে চাইত। ছেলের আগ্রহ দেখে প্রথমে ঘরেই লেখাপড়ার অভ্যাস করানো হয়। চাকরির জন্য বিভিন্ন এলাকায় গেলেও স্নিগ্ধর লেখাপড়া বন্ধ করা হয়নি। ২০১০ সালে বরিশালের বাকেরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিইসি পরীক্ষায় প্রথম বিভাগে ও ২০১৩ সালে বরগুনার জিলা স্কুল থেকে জেএসসিতে বি গ্রেডে উত্তীর্ণ হয় স্নিগ্ধ। এরপর তিনি বদলি হয়ে পটুয়াখালী চলে আসেন। স্নিগ্ধকে ভর্তি করিয়ে দেন পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ে। এ বছর এই বিদ্যালয় থেকে মানবিক বিভাগে এসএসসি পরীক্ষা দিচ্ছে স্নিগ্ধ; কেন্দ্র পটুয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়।
গতকাল সোমবার কেন্দ্রে গিয়ে দেখা যায়, স্নিগ্ধ বাংলা প্রথম পত্রের প্রশ্নের উত্তর লিখতে ব্যস্ত। পরীক্ষা শেষে স্নিগ্ধর সঙ্গে কথা বললে সে হাসিমুখে পরীক্ষা ভালো হওয়ার ইঙ্গিত দেয় ও লেখাপড়া করে কৃষিবিদ হওয়ার ইচ্ছা প্রকাশ করে।